‘বার্মা’ না বলতে সু চির প্রতি সরকারের নির্দেশ
মিয়ানমারকে ‘বার্মা’ নামে উল্লেখ না করতে অং সান সু চিকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে। ঔপনিবেশিক আমলে মিয়ানমারের নাম ছিল ‘বার্মা’। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সামরিক জান্তার বিরোধিতা করে মিয়ানমারকে এখনো ‘বার্মা’ নামেই উল্লেখ করে থাকেন। নামটিতে বিদ্যমান ব্রিটিশ উপনিবেশবাদের উত্তরাধিকার থেকে মুক্তি ও দেশের বৈচিত্র্যময় নৃগোষ্ঠীকে সমমর্যাদা দেওয়ার কথা বলে সামরিক সরকার দুই দশক আগে দেশটির নাম পরিবর্তন করে। তখন থেকে দেশটি মিয়ানমার নামে পরিচিত হয়। সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ওই নাম পরিবর্তনের প্রবল বিরোধিতা করেছিল। সু চি সম্প্রতি থাইল্যান্ড ও ইউরোপে বহুল আলোচিত সফরকালে নিজ দেশকে ‘বার্মা’ নামে উল্লেখ করেন। এতে মিয়ানমারের নির্বাচন কমিশন সু চি ও এনএলডির বিরুদ্ধে সংবিধান সমুন্নত রাখার শপথভঙ্গের অভিযোগ আনে। এক বিবৃতিতে কমিশন জানায়, সংবিধানে দেশের নাম মিয়ানমার হিসেবে উল্লেখ রয়েছে। তাই দেশকে ‘বার্মা’ বলার অধিকার কারও নেই।মিয়ানমারকে কী নামে উল্লেখ করতে হবে, তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সব সময় ‘বার্মা’ নামটিই ব্যবহার করেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে ওই নাম ব্যবহার করেছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এসব বিতর্ক এড়িয়ে ‘এই দেশটি’ বলেই কাজ চালিয়ে যাচ্ছেন। এএফপি।