‘বাশারের সময় ফুরিয়ে আসছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন আবদেল বাসেত সেদা (৫৫)। নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময় ফুরিয়ে আসছে। দেশের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সিরিয়ার ক্ষমতাসীন সরকার।আবদেল বাসেত বলেন, ‘আমরা একটি স্পর্শকাতর অধ্যায়ে প্রবেশ করেছি। সিরিয়ার সরকার এখন অন্তিম সময়ে উপনীত হয়েছে।’ তিনি বলেন, আসাদ সরকারের বহুমুখী বর্বরতা এবং বোমা নিক্ষেপের ঘটনা প্রমাণ করে তাঁরা পরিস্থিতি মোকাবিলা করতে পারছেন না।এসএনসির নতুন নেতা দাবি করেন, প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্ক ও অন্যান্য শহরের নিয়ন্ত্রণ হারিয়েছেন। এর আগে গতকাল রোববার তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকের পর সিরিয়ার সরকারবিরোধী সংগঠন এসএনসির নতুন নেতা হিসেবে আবদেল বাসেতের নাম ঘোষণা করা হয়।সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘ডক্টর বুরহান ঘালিয়নের উত্তরসূরি হিসেবে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে আবদেল বাসেত সেদাকে নির্বাচিত করা হয়েছে।’ কুর্দি আন্দোলনের নেতা আবদেল বাসেত দীর্ঘ দুই দশক ধরে সুইডেনে নির্বাসিত জীবনযাপন করছেন। ১৯৫৬ সালে কুর্দি অধ্যুষিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আমুদাতে তাঁর জন্ম। সিরিয়ার সংখ্যালঘু জাতিগোষ্ঠী কুর্দিদের নিয়ে তাঁর লেখা একাধিক বই রয়েছে। প্রাচীন সভ্যতার ওপর তিনি বিশেষজ্ঞ।আবদেল বাসেত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। সিরিয়ার নাগরিকদের কাছে তাঁর নাম খুব একটা পরিচিত নয়। তবে এসএনসির কর্মকর্তারা বলছেন, আবদেল বাসেত ‘বন্ধুত্বপূর্ণ, সৎ ও নিরপেক্ষ’ ব্যক্তিত্ব।সিরিয়ার দুই কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে কুর্দিরা মোট জনগোষ্ঠীর নয় শতাংশ। কুর্দিদের মূল আবাস দেশটির উত্তরাঞ্চল ও দামেস্ক শহর। এসএনসির নতুন নেতা হিসেবে নাম ঘোষণার পর আবদেল বাসেত বলেন, ‘আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। এসএনসি পুনর্গঠনের পাশাপাশি সংস্কার কর্মসূচি কার্যকর করতে হবে আমাদের।’ নতুন এই নেতা বলেন, ‘যাঁরা সিরিয়ার রাজপথে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ শক্তিশালী করতে হবে। এ ছাড়া ফ্রি সিরিয়ান আর্মিকে সম্ভাব্য সব উপায়ে আমাদের সহযোগিতা দিতে হবে।’লন্ডনভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গত শনিবার সিরিয়াজুড়ে সরকারি বাহিনীর নিপীড়নে অন্তত ৫২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এএফপি, ভিওএ।