'বাস্তব অভিজ্ঞতায়' গুরুত্বারোপে চাপে কানাডীয় শিক্ষার্থীরা

অ্যালেক্স ব্রিয়োল্ট ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে একটি স্বল্প বেতনের চাকরিতে ঢোকেন। কিন্তু কর্মক্ষেত্র তাঁর কাছে উপার্জনের স্বস্তির বদলে দিয়েছে বাড়তি চাপের অভিজ্ঞতা। এতে তাঁর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভীষণভাবে। এ কারণে পরে তিনি এ চাকরিটি ছেড়ে দেন। শুধু অ্যালেক্স নন কানাডার হাজার শিক্ষার্থী বর্তমানে এ দ্বিমুখী চাপের মধ্যে রয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র উপদেষ্টারা শিক্ষার্থীদের বিভিন্ন কাজে যোগ দিতে উৎসাহ জোগাচ্ছেন। তাঁদের মতে, একজন নিয়মিত শিক্ষার্থী হওয়াই এখন যথেষ্ট নয়। চাই কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা। আর এ পরামর্শ শুনে বহু শিক্ষার্থী কাজ ও শিক্ষা একসঙ্গে চালাতে গিয়ে পড়ছেন বিপাকে।
শিক্ষাজীবনে ক্লাস, পরীক্ষা ও বিভিন্ন বিষয়ভিত্তিক উপস্থাপন একটি নিয়মিত বিষয়। আর এর সঙ্গে যখন কর্মক্ষেত্রে চাপ যুক্ত হয় তখন বাস্তব অভিজ্ঞতাটি হয় ‘অসহনীয়’। শুধু অ্যালেক্স ব্রিয়োল্ট নন, হাজার হাজার কানাডীয় শিক্ষার্থীর উপলব্ধি এটি। অ্যালেক্স তাঁর অভিজ্ঞতা সম্পর্কে সিবিসি নিউজকে বলেন, ‘এটা ছিল ভয়াবহ। আমি আর কখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি কাজে যোগ দেব না।’
কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বছরের এ সময় ছাত্র উপদেষ্টারা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কাজে যোগ দিতে উৎসাহ দিয়ে থাকেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের কাজ খুঁজে পেতেও সাহায্য করেন তাঁরা। তাঁদের মতে, শিক্ষাজীবনে কাজে যোগ দেওয়া শুধু অর্থের জন্য নয়। এটি সার্বিক শিক্ষা কার্যক্রমেরও একটি অংশ। পরবর্তী কর্মজীবনের জন্য এটি একজন শিক্ষার্থীকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে। শুধু ভালো ফল করাই একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট নয়।
এ বিষয়ে ল্যাংগারা কলেজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগের চেয়ার হিদার ওয়ার্কম্যান সিবিসি নিউজকে বলেন, ‘নিয়মিত শিক্ষার্থী হওয়াটাই এখন আর যথেষ্ট নয়। একজন চাকরিদাতাকে নিজের যোগ্যতা ও যোগাযোগ দক্ষতা সম্পর্কে অবহিত করার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সময় মতো সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করার সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করাটাও প্রয়োজন।’
অনেক শিক্ষার্থীই এমন প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করলেও সংকট হচ্ছে যথোপযুক্ত কাজ পাওয়া। অধিকাংশ শিক্ষার্থীকেই কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য এমন সব কাজে যোগ দিতে হচ্ছে, যা তার নিয়মিত শিক্ষা কার্যক্রমেই নেতিবাচক প্রভাব ফেলছে। আবার অনেকে নিজেই কর্মক্ষেত্রে বেশি সময় দেওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত হয়ে পড়ছে। এ ক্ষেত্রে অর্থধিক টুইশন ফি ও শিক্ষা ব্যয় বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
সিমন ফ্র্যাজার বিশ্ববিদ্যালয়ের (এসএফইউ) সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতিষ্ঠানটির ৫৫ শতাংশ শিক্ষার্থীই সপ্তাহে ১০ থেকে ২৯ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। যদিও সপ্তাহে ১০-১৪ ঘণ্টার বেশি কাজ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক নেতিবাচক ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। এসএফইউ স্টুডেন্ট সোসাইটির সহসভাপতি প্রাব বাসি বলেন, ‘আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থীই খণ্ডকালীন কাজের দিকে বেশি ঝুঁকছেন।
বিভিন্ন ব্যয় মেটাতে কর্মক্ষেত্রে বেশি সময় দিতে হচ্ছে তাদের। অধিকাংশ শিক্ষার্থীই নিজের ক্যাম্পাসেই কাজের সুযোগ খুঁজলেও সে সৌভাগ্য খুব কম জনেরই হয়। অধিকাংশ সময়ই বিভিন্ন দোকান কিংবা শপিংমলের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে হয় শিক্ষার্থীদের। এসব কাজে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকে, যা পড়াশোনার পাশাপাশি বাড়তি চাপ হয়ে আবির্ভূত হয়। এ জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজনীয় হলেও কোনো কর্মক্ষেত্রে যোগদানের ক্ষেত্রে কাজের ধরনটি আগে থেকে বুঝে নেওয়া প্রয়োজন।’