‘বাস্তব’ অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি নেতানিয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে ‘বাস্তব’ অর্থনৈতিক পরিবর্তন আনয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে গত শনিবার ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভের পর নেতানিয়াহু গতকাল রোববার তাঁর মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিশ্রুতি দেন। শনিবারের ওই বিক্ষোভে সাড়ে চার লাখেরও বেশি মানুষ অংশ নেয়।মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, জীবনযাত্রার ব্যয় হ্রাস ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে তাঁর সরকার বাস্তব অর্থনৈতিক সংস্কারে অঙ্গীকারবদ্ধ। তবে অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ কোনো ব্যয়-প্রস্তাব অনুমোদন করবে না সরকার।নেতানিয়াহু আরও বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যাচাই করে দেখার জন্য বিশিষ্ট অর্থনীতিবিদ ম্যানুয়েল ট্যাকটেনবার্গের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসরায়েলের বেশির ভাগ সংবাদমাধ্যম জানায়, জীবনযাত্রার ব্যয় অতিমাত্রায় বেড়ে যাওয়ার প্রতিবাদে শনিবার দেশটিতে ‘মিলিয়ন ম্যান মার্চ’ নামের ওই বিক্ষোভে সাড়ে চার লাখেরও বেশি মানুষ অংশ নেয়। তবে বিক্ষোভকারীদের সংখ্যা জানাতে রাজি হয়নি ইসরায়েলি পুলিশ। রাজধানী তেলআবিবে জড়ো হয়ে বিপুলসংখ্যক মানুষ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিলেন তরুণ। তাঁরা ওই জমায়েতকে ইসরায়েলের জন্য ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেন।আন্দোলনের নেতা স্তাভ শাফির বলেন, তাঁরা প্রমাণ করতে চান, সামাজিক ন্যায়বিচার, সামর্থ্যের মধ্যে বাসস্থানের ব্যবস্থা করা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার রক্ষার জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতে প্রস্তুত। এর আগে যাঁরা এ ব্যাপারে আন্দোলন শুরু করে মাঝপথে বন্ধ করে দিয়েছিলেন, তাঁদের সিদ্ধান্ত ভুল ছিল।ইহুদি রাষ্ট্র ইসরায়েলে এর আগে কখনো এত বিপুলসংখ্যক লোক বিক্ষোভে শামিল হয়নি। অর্থনৈতিক সংস্কারের দাবিতে গত ৬ আগস্ট এক বিক্ষোভে সর্বোচ্চ তিন লাখ লোকের সমাগম হয়েছিল। ছয় সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে। এএফপি।