‘বাড়ি যাও, সন্তান জন্ম দাও!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়ি যাও এবং সন্তান জন্ম দাও’—অদ্ভুত এ নির্দেশ দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বিশ্বের অধিকাংশ দেশ যেখানে বাড়তি জনসংখ্যার চাপে হিমশিম খাচ্ছে, সেখানে নিম্ন জন্মহারের কারণে সংকটে পড়ছে দক্ষিণ কোরিয়া। জনসংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু সরকারি উদ্যোগগুলো তেমন কাজে আসছে না। তাই জনসংখ্যা বৃদ্ধিতে সরকারি উদ্যোগের নেতৃত্বে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেরাই এ ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করতে চাইছে। সে কারণেই নিজ মন্ত্রণালয়ের কর্মীদের প্রতি তাদের এ নির্দেশনা।কর্মকর্তা-কর্মচারীরা যাতে অফিস থেকে দ্রুত বাড়ি ফেরেন, সে জন্য গত বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় ভবনের সব আলো নিভিয়ে দেওয়া হয়। প্রতি মাসেই এ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। একাধিক সন্তান জন্মদানে এভাবেই কর্মীদের উত্সাহিত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।বিশ্বের যেসব দেশে জন্মহার খুবই কম, দক্ষিণ কোরিয়া তার অন্যতম। এমনকি, প্রতিবেশী জাপানের চেয়েও দেশটিতে জন্মহার কম।জন্মহার বৃদ্ধি সরকারের অগ্রাধিকার তালিকার অন্যতম। জন্মহার কমে যাওয়ায় দেশে বয়স্ক মানুষের অনুপাত বেড়ে যাচ্ছে। কমে যাচ্ছে জনশক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়কে মাঝেমধ্যেই কৌতুকচ্ছলে ঘটকালি মন্ত্রণালয় হিসেবেও অনেকে মন্তব্য করে থাকেন। জনসংখ্যা বৃদ্ধি আন্দোলনের পুরোভাগে রয়েছে মন্ত্রণালয়টি। মন্ত্রণালয়ের বিশ্বাস জনসংখ্যা বৃদ্ধিতে উদাহরণ সৃষ্টির মাধ্যমেই তাদের নেতৃত্ব দিতে হবে।যেসব কর্মকর্তা-কর্মচারীর একের অধিক সন্তান রয়েছে, তাঁদের বড় অঙ্কের ‘গিফট বাউচার’ দেওয়া হচ্ছে। এ ছাড়া আমলাদের মধ্যে ভালোবাসা সঞ্চারের লক্ষ্যে নানা সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করছে স্বাস্থ্য বিভাগ।কিন্তু সমালোচকদের ধারণা, এভাবে জন্মহার বৃদ্ধি করা যাবে না। শিশু লালন-পালন ও শিক্ষার বিপুল ব্যয় কমানোর জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন। এতে হয়তো অনেক তরুণ-তরুণী সংসারজীবন শুরু করতে উত্সাহিত হবেন। সূত্র: বিবিসি।