‘বিগ বার্ড’ ব্যবহার না করতে ওবামার প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনিকে আক্রমণ করে নতুন একটি বিজ্ঞাপন প্রচার করছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক শিবির। এই বিজ্ঞাপনে রমনির চরিত্রে বিগ বার্ড (একটি বড় আকারের পাখি) ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বিগ বার্ডের নির্মাতা সেসামি স্ট্রিট বিজ্ঞাপনে তা ব্যবহার না করতে ওবামা শিবিরের প্রতি আহ্বান জানিয়েছে।সেসামি স্ট্রিট হলো মার্কিন শিশুদের জন্য তৈরি একটি শিক্ষামূলক টেলিভিশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অন্যতম চরিত্র বিগ বার্ড। মার্কিন অলাভজনক সেসামি ওয়ার্কশপের সহযোগিতায় অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলছে।সেসামি ওয়ার্কশপের এক বিবৃতিতে বলা হয়, তারা অলাভজনক ও অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। তাই তারা রাজনৈতিক প্রচারাভিযানে কোনো প্রার্থীকে সমর্থন বা কারও প্রচারাভিযানে অংশ নেবে না। বিবৃতিতে বলা হয়, ‘আমরা কোনো রাজনৈতিক প্রচারাভিযানের বিজ্ঞাপনে বিগ বার্ডের ব্যবহার অনুমোদন করিনি। আমাদের নিরপেক্ষ অবস্থান অনুযায়ী ওই বিজ্ঞাপনে বিগ বার্ডের ব্যবহার থেকে বিরত থাকতে প্রেসিডেন্ট বারাক ওবামা তথা ডেমোক্র্যাট শিবিরের প্রতি অনুরোধ জানাচ্ছি।’সেসামি ওয়ার্কশপের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়ার পর বিগ বার্ডের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট ওবামার মুখপাত্র বেন লাবোল্ট বলেছেন, সেসামি ওয়ার্কশপের অনুরোধের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।এদিকে গত মঙ্গলবার ওবামা ও রমনি দুজনই ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালান। ওহাইওর কলাম্বাস এলাকায় জনসমাবেশে অংশ নিয়ে ওবামা বলেন, রমনি প্রচারাভিযানে ‘নেতৃত্বগুণ নয়’, ব্যবসায়ী হিসেবে ‘বিক্রয়-কুশলতা’ দেখাচ্ছেন। রমনি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ওহাইও এবং জনগণ আমাকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছে।’ বিবিসি, রয়টার্স।