‘বিশ্বের অন্য নেতাদেরও দালাই লামার সঙ্গে সাক্ষাত্ করা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিরোধিতা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুসরণ করে বিশ্বের অন্য নেতাদেরও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাত্ করা উচিত। ইউরোপে দালাই লামার দূত কেলসাং গায়ালতসেন গত বৃহস্পতিবার এ কথা বলেন।স্পেনের এমপিদের সঙ্গে এক বৈঠকের পর মাদ্রিদে সাংবাদিকদের কাছে কেলসাং বলেন, ‘বারাক ওবামা দালাই লামার সঙ্গে সাক্ষাত্ করে উদাহরণ স্থাপন করেছেন। আমরা এখন মনে করি, বিশ্বের অন্য নেতাদেরও ওবামার পথ অনুসরণ করে দালাই লামার সঙ্গে সাক্ষাত্ করা খুবই প্রয়োজন। ওবামা চীনের চাপের কাছে মাথা নত করেননি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের যেসব নেতা একই রকম অবস্থানে আছেন, চীনের নেতৃত্ব সম্পর্কে তাঁদের নতুন করে ভাবার জন্য এটাই উপযুক্ত সময়।’ গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করেন দালাই লামা। বৈঠকে ওবামা তিব্বতের বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি ও ভাষাতাত্ত্বিক পরিচয় সংরক্ষণে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান। এ ছাড়া তিব্বতিদের মানবাধিকার রক্ষার ব্যাপারেও পূর্ণ সহায়তার কথা উল্লেখ করেন ওবামা।১৯৫৯ সালের ১০ মার্চ তিব্বতে চীনের শাসনের বিরুদ্ধে সংঘটিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর দেশ ছাড়তে বাধ্য হন ওই অঞ্চলের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তখন থেকেই তিনি ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন। সেই থেকে তাঁকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়ে তাঁর সঙ্গে উচ্চপর্যায়ের ব্যক্তিদের সাক্ষাতের বিরোধিতা করে আসছে চীন। অথচ দালাই লামা বলে আসছেন, তিনি চান চীনের মধ্যে থেকেই তিব্বতিদের জন্য অধিকতর স্বায়ত্তশাসন। এএফপি।