‘বেঁচে আছি, বিশ্বাস করতে পারছি না’
‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি কাঁপছিল। পরক্ষণেই এটি মাটিতে প্রচণ্ড ধাক্কা খায়। আমি কোনোমতে বিমান থেকে বের হয়ে গর্তে লাফিয়ে পড়ি। এরপর আগুন লেগে বিমানটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।’ হাসপাতালের বিছানায় শুয়ে কথাগুলো বলছিলেন জি কে প্রদীপ। ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে গতকাল শনিবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া সাত আরোহীর একজন হলেন প্রদীপ।বেঁচে যাওয়া আরেক আরোহী আবদুল পুথুর বলেন, ‘পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই এক যাত্রী আগুনে ঝাঁপিয়ে পড়লেন। বিমানটি দুই ভাগ হয়ে যাওয়ার পর আমি ও আরেক যাত্রী সেই ফাঁক দিয়ে ঝাঁপিয়ে পড়ি। জঙ্গলের ভেতর দিয়ে প্রায় ২০ মিনিট ধরে হাঁটতে থাকি। পরে স্থানীয় লোকজন এসে আমাদের সাহায্য করে।’ আবদুল পুথুর দুবাইয়ে একটি দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। পাঁচ মাস পর তিনি দেশে ফিরেছেন। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ম্যাঙ্গালোরে বাজপেয়ি বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু অবতরণ করার পর পরই এটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়ে। এরপর এটিতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ১৫৯ জনের প্রাণহানি ঘটেছে। বিমানে মোট আরোহী ছিলেন ১৬৬ জন। দুবাই থেকে আসা বিমানটির সব যাত্রীই ভারতীয় নাগরিক বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। ওমর ফারুক বিমান দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বলেন, ‘দিক পরিবর্তন করে বিমানটি গাছপালার দিকে যাচ্ছিল। এরপর পুরো কেবিন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রানওয়ে থেকে ছিটকে গিয়ে এটি জঙ্গলে ঢুকে পড়ে। টুকরো টুকরো হয়ে এটি আগুনের শিখায় পরিণত হয়। আমি তারে জড়িয়ে গিয়েছিলাম। কিন্তু কোনোরকমে হামাগুড়ি দিয়ে বেরিয়ে পড়ি।’ পুরো মুখমণ্ডল ওষুধে ঢাকা ওমর ফারুক বিড়বিড় করে বলছিলেন, ‘আগুনে আমার হাত, মুখ, পা পুড়ে গেছে। ধোঁয়ার কারণে বের হওয়া যাচ্ছিল না।’ পুত্তুর ইসমাঈল আবদুল্লাহ বলেন, ‘মনে হয়েছিল বিমানটি শিগগিরই থামবে। তাই নিজেকে গোছাতে শুরু করি। কিন্তু এরই মধ্যে এক বিকট শব্দ। দেখি, বিমানটি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি এই ফাঁক দিয়েই লাফিয়ে পড়ি এবং দৌড়ে নিরাপদ স্থানে যাই। পেছনে তাকিয়ে দেখি, বিমানটি টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং আগুনে জ্বলে যাচ্ছে। খোদাই আমায় রক্ষা করেছেন। পায়ে আঘাত পাওয়া সত্ত্বেও আমি পার্শ্ববর্তী একটি গ্রামে যেতে সক্ষম হই। পরে সেখানে এক বন্ধুকে ডেকে হাসপাতালে আসি।’ ম্যাঙ্গালোরের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সাত বছরের একটি শিশুও বেঁচে গিয়েছিল। কিন্তু মারাত্মক আহত হওয়ায় শত চেষ্টা করেও তাঁকে বাঁচানো গেল না। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থীও রয়েছেন। তাঁর নাম সাবরিনা হক। মাথায় আঘাত লেগেছে তাঁর। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই তিনি লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছেন। কে পি মানিকউত্তিও বেঁচে যাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। এএফপি।