'ব্যর্থতার' জন্য জাতিসংঘের নিন্দা সাহায্য সংস্থাগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের সেপ্টেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া সিরিয়ার রাতের চিত্র (বাঁয়ে) এবং ২০১৫ সালের ফেব্রুয়ারির চিত্র। গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেশিরভাগই এখন অন্ধকারে l ছবি: গার্ডিয়ানের সৌজন্যে
২০১১ সালের সেপ্টেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া সিরিয়ার রাতের চিত্র (বাঁয়ে) এবং ২০১৫ সালের ফেব্রুয়ারির চিত্র। গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেশিরভাগই এখন অন্ধকারে l ছবি: গার্ডিয়ানের সৌজন্যে

সিরিয়ার দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা বাড়াতে পাস হওয়া তিনটি প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা জানিয়েছে ২১টি সাহায্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা এ সমালোচনা করেছে। খবর আল-জাজিরা ও এপির।
২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী গণ-অভ্যুত্থান হয়। পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। ওই গৃহযুদ্ধের পাঁচ বছরে পদার্পণের পরিপ্রেক্ষিতে সাহায্য সংস্থাগুলো এ প্রতিবেদন এবং সিরীয়দের দুর্দশার চিত্র প্রকাশ করল।
সাহায্য সংস্থাগুলো বলছে, জাতিসংঘের সদস্যরাষ্ট্র, সিরিয়ায় যুদ্ধরত পক্ষগুলো, এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ওই প্রস্তাবগুলোকে উপেক্ষা করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও সিরিয়ায় সহিংসতা তীব্রতর হওয়ায় সাহায্য পাঠানোর সুযোগ কমে গেছে। পাশাপাশি সাহায্য তহবিলের পরিমাণও বিপুলভাবে হ্রাস পেয়েছে।
দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালসহ সাহায্য সংস্থাগুলো গত বছর পাস হওয়া প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
গত বুধবার জাতিসংঘের সমর্থিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সাল থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে সিরিয়ার গৃহযুদ্ধে ৮০ শতাংশ মানুষ দরিদ্রে পরিণত হয়েছে। অর্থনৈতিক ক্ষতি হয়েছে ২০ হাজার কোটি ডলারের বেশি।
৮০ শতাংশ অন্ধকারে: কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া সিরিয়ার রাতের চিত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, গৃহযুদ্ধের কারণে দেশটির উত্তর ও পূর্বাঞ্চল এবং ভূমধ্যসাগর উপকূলের ৮৩ শতাংশ বাতিই আর জ্বলছে না। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শি লি চার বছরের বেশি সময় ধরে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্র পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছেন। জিওগ্রাফিক সায়েন্স বিভাগের ভিজিটিং স্কলার শি লি বলেন, ‘কৃত্রিম উপগ্রহের তথ্য কখনো মিথ্যা বলে না।...রাতের চিত্র অবিশ্বাস্য, সিরিয়ার মানুষের সাহায্য প্রয়োজন।’
শি লি বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সিরিয়ার এক সময়কার সবচেয়ে বড় শহর আলেপ্পোর ৯৭ শতাংশ বাতি নিভে গেছে। এমনকি সরকারের নিয়ন্ত্রণে থাকা রাজধানী দামেস্কেরও ৩৫ শতাংশ স্থানে আলো নেই।
গবেষক লি এর জন্য বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হওয়া, বিদ্যুৎ সরবরাহ না থাকা ও মানুষের বাড়িঘর ছেড়ে যাওয়াকে দায়ী করেছেন।