'ব্যস্ত সড়কের পাশে স্মৃতিভ্রমের ঝুঁকি বেশি'
ব্যস্ত সড়কের পাশে যাঁরা বাস করেন, তাঁদের স্মৃতিভ্রমজনিত (ডিমেনশিয়া) সমস্যায় ভোগার ঝুঁকি অনেক বেশি। যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক জার্নাল ল্যানসেট-এ গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
গবেষকেরা বলেন, ব্যস্ত সড়কের ৫০ মিটারের মধ্যে যাঁরা বাস করেন তাঁদের ১১ শতাংশ লোকের মধ্যে এই সমস্যা দেখা গেছে।
বায়ুদূষণ এবং যানবাহনের শব্দ সড়কের কাছাকাছি বাস করা ব্যক্তিদের মস্তিষ্কের ক্ষতির কারণ। গবেষকেরা ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত কানাডার অন্টারিও প্রদেশে ২০ লাখ লোকের ওপর এই গবেষণা করেন। ওই ১১ বছরে স্মৃতিভ্রম সমস্যায় থাকা ২ লাখ ৪৩ হাজার ৬১১ জনের ওপর গবেষণা করে দেখা গেছে, যাঁরা ব্যস্ত সড়কের পাশে ছিলেন, তাঁদের মধ্যে এ সমস্যা বেশি।
গবেষণায় বলা হয়েছে, প্রধান সড়কগুলোর ৩০০ মিটার দূরে থাকা কারও চেয়ে ৫০ মিটারের মধ্যে বসবাসকারীদের স্মৃতিভ্রমের ঝুঁকি ৭ শতাংশ বেশি থাকে। আর ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ৪ শতাংশ এবং ১০০ থেকে ২০০ মিটারের মধ্যে ঝুঁকি বেশি থাকে ২ শতাংশ। বর্তমান বিশ্বে ৫ কোটির বেশি ব্যক্তি এ কারণে স্মৃতিভ্রম সমস্যায় ভুগছেন। প্রান্তিক এলাকার চেয়ে ব্যস্ত এলাকায় স্মৃতিভ্রম রোগ বাড়ার আশঙ্কা বেশি বলেও গবেষণায় জানানো হয়।