মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) নৃশংস জিজ্ঞাসাবাদ পদ্ধতির বিষয়টি সম্ভবত ব্রিটিশ গোয়েন্দারা জানতেন। এমনকি ওয়াটারবোর্ডিংয়ের মতো কষ্টদায়ক পদ্ধতিতে বন্দীকে নির্যাতনের সময় ব্রিটিশ গোয়েন্দাদের কেউ কেউ হয়তো উপস্থিতও ছিলেন। যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধান লর্ড ওয়েস্ট এ তথ্য জানিয়েছেন। খবর গার্ডিয়ানের।
লর্ড ওয়েস্ট মনে করেন, এ বিষয়ে নতুন করে পূর্ণাঙ্গ তদন্ত করার কিছু নেই। এতে শুধু সময়েরই অপচয় হবে।
সিআইএর নির্যাতনের বিষয়টি ফাঁস হওয়ার পর মার্কিন মিত্র যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর জিজ্ঞাসাবাদ বা নির্যাতনের বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে সে দেশের সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে।
মার্কিন সিনেট কমিটির প্রতিবেদনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় সিনেট কমিটি সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধান ওয়েস্ট ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে বৈঠক করেছে বলেও বলা হচ্ছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্তের চাপ জোরালো হওয়ার পর তাদের উদ্ধৃতি বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।
লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা লর্ড ওয়েস্ট বলেন, কী করতে হবে, তা এখন স্পষ্ট হয়ে গেছে। প্রথমে বিগত সরকার যে জড়িত ছিল না, সেটা অবশ্যই জানাতে হবে।
ব্রিটিশ গোয়েন্দাদের বিরুদ্ধে তদন্তের দাবি নাকচ করে দিয়ে ওয়েস্ট বলেন, ‘এটা শুধু সময়ের অপচয় হবে। কারণ, তদন্তে হয়তো দেখা যাবে, মাত্র দু-একজন গোয়েন্দা কর্মকর্তা ১০ বা ১৫ বছর আগে ওয়াটারবোর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন। আমরা প্রায় ১০ বছর আগে ঠিক করেছি যে কোনো ব্রিটিশ গোয়েন্দা আর এ ধরনের কাজে উপস্থিত থাকতে পারবেন না। গোয়েন্দারাও এখন সেটা খুব ভালোভাবে জানেন।’
ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড ডেভিস, সাবেক ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাট নেতা সারা টিথার, লেবার পার্টির সাবেক ছায়ামন্ত্রী ডায়ান অ্যাবোট ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর বিষয়ে তদন্তের জন্য জোর দাবি তুলেছেন। ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগও ইঙ্গিত দিয়েছিলেন তিনি তদন্তের দাবির প্রতি সমর্থন জানাবেন।
কিন্তু ব্রিটিশ সরকার ইতিমধ্যে সিআইএর নির্যাতন সম্পর্কে তাদের গোয়েন্দারা কী জানে, সে বিষয়ে তদন্তের দাবি নাকচ করে দিয়েছে।