'ব্রিটিশদের ওপর হামলাকে ন্যায়সংগত মনে করে জঙ্গিরা'
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার বলেছেন, ব্রিটিশ জনগণের ওপর হামলাকে ন্যায়সংগত বলে মনে করে ইসলামপন্থি জঙ্গিরা। যুক্তরাজ্যে এমন হাজার হাজার জঙ্গি আছে।
এমআইফাইভের মহাপরিচালক হিসেবে গত এপ্রিলে দায়িত্ব নিয়েছেন অ্যান্ড্রু পার্কার। এরপর এই প্রথম তিনি প্রকাশ্যে কথা বললেন। লন্ডনের হোয়াইট হলে রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
জঙ্গি সংগঠন আল-কায়েদা এবং পাকিস্তান ও ইয়েমেনে এর সহযোগী সংগঠনগুলোকে যুক্তরাজ্যের জন্য সরাসরি ও আশু হুমকি বলে মনে করেন পার্কার।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টারের (জিসিএইচকিউ) নজরদারির গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পার্কার বলেন, এতে করে দেশের নিরাপত্তার ক্ষতি হয়েছে। বর্তমানে যে হারে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালাতে হচ্ছে, জিসিএইচকিউয়ের নজরদারি পদ্ধতির সহায়তা ছাড়া তা চালানো সম্ভব নয়।
সরকারের নজরদারির পক্ষে জোরালো সাফাই গেয়ে পার্কার বলেন, সন্ত্রাসীরা এখন যেসব যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে, তার সবগুলো ব্যবহারের অধিকার গোয়েন্দা বাহিনীর থাকা উচিত। তবে তিনি স্বীকার করেন, বর্তমান বিশ্বে ইন্টারনেট ও যোগাযোগপ্রযুক্তির বিকাশ যেভাবে ঘটছে, তার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ প্রতিহত করতে কী কী পদ্ধতি ব্যবহার করা হবে, তা আগে নির্ধারণ করা দরকার।
পার্কার তাঁর বক্তৃতায় এডওয়ার্ড স্নোডেনের নাম উল্লেখ করেননি। কিন্তু তাঁর অনেকগুলো মন্তব্য থেকে বোঝাই যায় যে তিনি সরাসরি তাঁকেই ইঙ্গিত করছেন।
তবে এমআইফাইভের প্রধান দাবি করেন, নজরদারির জন্য তাঁর সংস্থা ‘সর্বব্যাপী’ পদ্ধতি গ্রহণ করেনি বা চায়ও না। বিবিসি ও গার্ডিয়ান।