'বড় ভাই'এর প্রতি ভিয়েতনামীদের শেষ শ্রদ্ধা

বিশ শতকের অন্যতম সেরা সামরিক অধিনায়ক জেনারেল ভঅ গ্যুয়েন জাপের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে আজ রোববার সারা দেশ থেকে লাখো ভিয়েতনামী রাজধানী হ্যানয়ে ভিড় করে। জাতির ‘বড় ভাই’ হিসেবে সম্বোধিত এই সাবেক জেনারেলকে ভিয়েতনামীরা এক নজর দেখতে পথের পাশে দিনভর দাঁড়িয়ে অপেক্ষা করে।
রয়টার্স বলছে, ভিয়েতনামীরা হ্যানয়ের পথের দু পাশে দাঁড়িয়ে, কান্নায় ভেসে, জাপের ছবি ঊর্ধ্বে তুলে ধরে ‘লাল নেপোলিয়ন’ হিসেবে খ্যাত সাবেক জেনারেলের প্রতি সম্মান জানায়।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মতো বিপুল সামরিক ক্ষমতাধর দুটি দেশকে যুদ্ধে পরাজিত করার মধ্যদিয়ে ভিয়েতনামের এই কমিউনিস্ট সেনাপ্রধান বিশ্বের অন্যতম সফল সেনানায়কে পরিণত হয়েছেন।

ভিয়েতনামীদের উপনিবেশিক শাসনবিরোধী দীর্ঘ সংগ্রামে হো চি মিনের পরই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে জেনারেল জাপকে বিবেচনা করা হয়। তিনি গত ৪ অক্টোবরে ১০২ বছর বয়সে মারা যান। এর আগে চার বছর ধরে তিনি হ্যানয়ের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খর্ব ও চিকন দেহের অধিকারী এবং কোনো ধরনের আনুষ্ঠানিক সামরিক শিক্ষা ছাড়াই ভঅ গ্যুয়েন জাপ দুটো বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ভিয়েতনামীদের নেতৃত্ব দিয়েছেন। ব্রিটিশ ফিল্ড মার্শাল বার্নার্ড মন্টগেমারি, জার্মান ফিল্ড মার্শাল এরউইন রোমেল ও মার্কিন ফিল্ড মার্শাল ডগলাস ম্যাকআর্থারের নামের সঙ্গেই গ্যুয়েন জাপের নাম উচ্চারিত হয়। জেনারেল জাপ যে বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তা খুব বেশি প্রশিক্ষিত বা অস্ত্র সমৃদ্ধ ছিল না। কিন্তু যেসব দখলদার বাহিনীর বিরুদ্ধে (ফ্রান্স ও যুক্তরাষ্ট্র) ভিয়েতনামী কমিউনিস্ট বাহিনী লড়াই করেছিল, সেগুলো ছিল সে সময়ে বিশ্বের অন্যতম সেরা দক্ষ।কার্যত হো চি মিন ও জাপের যৌথ উদ্যোগে ভিয়েতনাম উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করে এবং দেশটিতে কমিউনিস্ট শাসন ব্যবস্থা ভিত্তি লাভ করে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গ্যুয়েন পু থং বলেন, ‘তিনি (ভঅ গ্যুয়েন জাপ) ছিলেন জনগণের জেনারেল। তিনি চিরকাল দেশের মানুষের হূদয়ে ও ইতিহাসে অম্লান হয়ে থাকবেন।... এ ক্ষতি (জাপের মৃত্যু) অপূরণীয়।’
লাখ লাখ ভিয়েতনামী শেষ দেখা দেখতে তাঁর কফিনের পাশে ভিড় করে। একটি সামরিক যানে করে গ্যুয়েন জাপের মৃতদেহ যখন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, তখন প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ রাস্তার দু পাশে সারিবদ্ধ হয়ে ভিয়েতনামীরা তাঁর প্রতি সম্মান জানায়। কবর দেওয়ার জন্য হ্যানয় থেকে জাপের মৃতদেহ কুয়াং বিন প্রদেশে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আজকের ঘটনায় ভিয়েতনামের জনগণের সংহতিও প্রকাশিত হয়েছে। দেশটির জনসংখ্যা এখন প্রায় নয় কোটি। এর দুই তৃতীয়াংশ জন্মেছে যুক্তরাষ্ট্রকে দেশটি থেকে তাড়িয়ে দেওয়ার পর। তবে আজও তরুণদের মধ্যে একতা ও যুথবদ্ধতার স্বর শোনা গেছে।২১ বছর বয়সী ছাত্র দাও হুই ওয়াং রয়টার্সকে বলেছে, ‘আমি কখনো বন্দুকের বা বোমার আওয়াজ শুনিনি। তবে আমি আমাদের ইতিহাস জানি। ... আংকেল হো ও জেনারেল জাপের পর হয়তো তাঁদের মতো কাউকে আর পাওয়া যাবে না। তাঁরা নিজ স্বার্থের কথা বিবেচনা না করে দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন।’