
ভারতের কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর বিতর্কিত জামাতা রবার্ট ভদ্রকে নিয়ে দুই প্রধান দলের বাগ্যুদ্ধ তুঙ্গে উঠেছে। কংগ্রেসের কাছে উন্নয়নের ‘ভদ্র মডেলের’ ব্যাখ্যা চেয়েছে বিজেপি। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, গুজরাট মডেলের নামে তিনি নিজের লোকজনকে হাজার হাজার একর জমি দিয়েছেন।
বিজেপির জ্যেষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদ গতকাল শুক্রবার বলেন, ‘গান্ধী পরিবার গুজরাট মডেলের সমালোচনা করেই চলেছে। তারা কি উন্নয়নের ভদ্র মডেলটা ব্যাখ্যা করবে একটু?’
মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে গুজরাট রাজ্যে যে উন্নয়ন হয়েছে, চলতি লোকসভা নির্বাচনে জিতে সরকার গড়লে সেটাকে দেশব্যাপী উন্নয়নের ‘মোদি মডেল’ হিসেবে গ্রহণের জিগির তুলেছে বিজেপি। বলা হচ্ছে, মোদি একজন দক্ষ প্রশাসক। তিনিই পারবেন ভারতের নাজুক অর্থনীতির হাল ফেরাতে।
তবে গুজরাট মডেল নিয়ে কংগ্রেসসহ মোদিবিরোধীদের সমালোচনার অন্ত নেই। তাদের দাবি, এটা বিজেপির ফাঁকা বুলি। আর দেশজুড়ে ‘মোদি ঢেউ’ বইছে বলে যে কথা উঠেছে, সেটা মিডিয়ার সৃষ্টি। এসব সমালোচনার জবাব দিতে বিজেপি লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রকে।
রবার্ট ভদ্রের বিরুদ্ধে গান্ধী পরিবারের সদস্য হওয়ার সুবাদে অবৈধ সুবিধা নিয়ে জমি বেচাকেনার ব্যবসায় অল্প সময়ে অগাধ অর্থের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
মোদির এর আগের সমালোচনার জবাবে গতকাল মা সোনিয়া গান্ধীর আসন রায়বেরিলিতে এক নির্বাচনী সভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘গুজরাট মডেলের উন্নয়ন সম্পর্কে লোকজন ভালোই জানে। তিনি হাজার হাজার একর জমি নিজের লোকদের দিয়েছেন। গুজরাট মডেলের অধীনে কৃষকদের প্রকৃত অবস্থা কী এবং নারীদের জন্যই বা তিনি কী করেছেন, এসব বিষয়ে মোদিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
রবার্ট ভদ্র প্রসঙ্গে আদালত বলে দিয়েছেন, ‘একজন রাজনীতিকের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে কাউকে দোষী বলা যাবে না।’ তার পরও এখন পর্যন্ত বিরোধীরা কংগ্রেসকে তুলাধোনা করতে দুই মেয়াদে ক্ষমতায় থাকা দলটির বিভিন্ন দুর্নীতির চেয়ে ভদ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগকেই সামনে নিয়ে আসছে বেশি।
সাম্প্রতিক এক সমাবেশে মোদি বলেন, ‘বিজেপির গুজরাট মডেলের বিপরীতে কংগ্রেস হচ্ছে আরএসভিপি মডেলের প্রতি বিশ্বস্ত।’ আরএসভিপি দিয়ে তিনি বোঝান রাহুল, সোনিয়া, ভদ্র ও প্রিয়াঙ্কা—এ চারটি নাম।
গতকাল এর পাল্টা জবাব দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘কোনো কোনো দল বলে এবিসিডি, আরএসভিপি। তারা তো কোনো প্রাথমিক বিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছে না।...এসব বাদ দিয়ে তারা জনগণের জন্য কী করবে, সেটাই তাদের বলুক।’
কয়েক দিন আগে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমার স্বামীকে প্রতিদিন অপমান করা হচ্ছে। কিন্তু এটি বরং আমাদের শক্তি বাড়াবে।’ এনডিটিভি ও পিটিআই।