সিরিয়ার সরকার ‘অনাহারে রেখে মৃত্যুকে’ যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাশার সরকার ‘অনাহারে’ রাখার অস্ত্র ব্যবহারের ফলে রাজধানী দামেস্কে অবরুদ্ধ ইয়ারমুক শিবিরে অন্তত ১২৮ জন শরণার্থী মারা গেছে।
‘ইয়ারমুকে বাধ্যতামূলক জীবন: অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শরণার্থী শিবির ইয়ারমুকে গত বছরের জুলাই থেকে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয় সরকারি বাহিনী। এর ফলে সেখানে অন্তত ১২৮ জনের মৃত্যু হয়ে। ইয়ারমুক ছাড়াও সিরিয়ার বিভিন্ন স্থানে এখনো হাজার হাজার মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে। ‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে’ পড়েছে তারা। সেখানে থাকা অন্তত ৬০ শতাংশ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। কয়েক মাস ধরে ফল বা সবজি পায়নি তারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফিলিপ লুথার এক বিবৃতিতে বলেন, ইয়ারমুকের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির কোনো পথ পাচ্ছে না তারা। সিরিয়ায় অবরুদ্ধ এলাকাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এই ইয়ারমুকের। দেশটিতে সরকারের সশস্ত্র বাহিনী বা বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর হাতে বিভিন্ন এলাকায় অন্তত আড়াই লাখ নাগরিক অবরুদ্ধ অবস্থা আছে। তিনি বলেন, সিরিয়ার সেনাবাহিনী ইয়ারমুকসহ বিভিন্ন স্থানে অবরুদ্ধ জনপদগুলোতে অনাহারে রেখে মৃত্যুকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধ করছে। সরকার এভাবে বেসামরিক জনগণকে ‘সম্মিলিত শাস্তি’ দিচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর তথ্যমতে, ইয়ারমুক শিবিরে অন্তত ২০ হাজার মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে। খাদ্য ও ওষুধ-সংকটে মানবিক বিপর্যয়ে পড়েছে তারা। অ্যামনেস্টি বলছে, কিছু দাতা সংস্থা অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা দিয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।
অ্যামনেস্টির প্রতিবেদনে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বেসামরিক এলাকায় বিমান হামলা ও শেল নিক্ষেপ চালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়। একে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলা হয়, সরকারি বাহিনী বেসামরিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালানোয় হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ প্রসঙ্গে অ্যামনেস্টির ফিলিপ লুথার বলেন, সিরিয়ার বিভিন্ন ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। এটা আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। বিবিসি ও এএফপি।