'ভারতে আশ্রয় চায় দেড় হাজার বাংলাদেশি আদিবাসী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দেড় হাজারেরও বেশি আদিবাসী কুমিল্লা সীমান্ত পার হয়ে ত্রিপুরায় গিয়ে ভারতে আশ্রয় চেয়েছে। ত্রিপুরার কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) আজ রোববার জানায়, বাংলাদেশে স্থানীয় মুসলমানদের সঙ্গে আদিবাসীরা জাতিগত দঙ্গায় জড়িয়ে পড়ার পর ত্রিপুরায় চলে যায়।

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উপমহাপরিদর্শক জেনারেল ভাস্কর রাওয়াত আইএএনএসকে বলেন, ‘খাগড়ছড়ি পার্বত্য জেলার পাঁচটি গ্রাম থেকে প্রায় দেড় হাজার চাকমা ও ত্রিপুরা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কারবোক গ্রামে আশ্রয় নিয়েছে। ... গতকাল শনিবার সন্ধ্যায় এসব আদিবাসী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। বিএসএফ তাদের আটক করেছে। তাদের আমরা খাবার ও অন্যান্য সেবা দিয়েছি।’

সংবাদ সংস্থাটি বলছে, সম্প্রতি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক স্থানীয় নেতা অপহূত হওয়ার খাগড়াছড়িতে মুসলমান বাঙালিদের সঙ্গে হিন্দু ও বৌদ্ধদের সংঘাত ছড়িয়ে পড়ে।

ত্রিপুরার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে। এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের (এসিএইচআর) পরিচালক সুহাস চাকমা এক সংবাদ বিবৃতিতে বলেছেন, খাগড়াছড়ির সংঘাতে ‘কমপক্ষে একজন আদিবাসী মারা গেছেন, চারজন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় পাঁচশ আদিবাসী বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’

এ ঘটনার পর ত্রিপুরা সীমান্তে বিএসএফের জনবল ও টহল বাড়ানো হয়েছৈ। জেনারেল রাওয়াত বলেন, ‘গ্রামবাসীরা জানিয়েছে তারা বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চান।’

১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ দাঙ্গার পর প্রায় ৭৪ হাজার আদিবাসী ত্রিপুরায় গিয়ে আশ্রয় নেয়। এদের বেশিরভাগই ছিল চাকমা বৌদ্ধ।

এ সময় চট্টগ্রামে আদিবাসীদের জন্য একটি স্বায়ত্তশাসিত প্রদেশ সৃষ্টির দাবিতে আদিবাসীরা শান্তি বাহিনী গঠন করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। পরে দুপক্ষের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে, ১৯৯৭-৯৮ সালে সব আদিবাসীরা দেশে ফিরে আসেন।