'ভারতে নওয়াজের সঙ্গে স্কুলছাত্রের মতো আচরণ'

ভারত সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ‘স্কুলছাত্রের মতো’ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানি রাজনীতিক ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান৷ খবর ডন অনলাইন ও এনডিটিভির৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নওয়াজ গত সপ্তাহে নয়াদিল্লি যান৷ তিনি সেখানে ভারতশাসিত কাশ্মীরিদের সংগঠন হুরিয়াত কনফারেন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেননি৷ এর মাধ্যমে তিনি আপস করেছেন বলে গত সোমবার অভিযোগ করেন ইমরান৷
নওয়াজ দিল্লিতে ভারতীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেও হুরিয়াত নেতাদের সঙ্গে কেন দেখা করলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান৷ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এর আগে বলেছেন, মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নওয়াজের ভারত সফর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা৷ পাকিস্তানি কোনো প্রধানমন্ত্রী এই প্রথম ভারতে এ ধরনের অনুষ্ঠানে যোগ দিলেন৷ তবে এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ব্যাপক পরিবর্তনের আশা করাটা অবাস্তব৷
নওয়াজ নয়াদিল্লিতে মোদির সঙ্গে গত ২৭ মে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন৷ এ সময় আন্তসীমান্ত সন্ত্রাস এবং সব ধরনের বিরোধ নিষ্পত্তি এবং পারস্পরিক আস্থাহীনতা দূর করতে মতৈক্যে পৌঁছানোর ব্যাপারে আলোচনা হয়৷ কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আলোচনা হলেও তা ছিল অপর্যাপ্ত৷ সারতাজ বলেন, নওয়াজ শরিফ একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে গিয়েছিলেন৷ তাই হুরিয়াত নেতাদের সঙ্গে দেখা করেননি৷