'ভুল স্বীকার' করেছে চীনের পত্রিকাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের নিউ এক্সপ্রেস পত্রিকা তাদের আলোচিত সাংবাদিক চেন ইয়ংঝুর পক্ষ সমর্থন করা থেকে সরে গিয়ে উল্টো ক্ষমা চেয়েছে। একটি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে গ্রেপ্তার হওয়া চেন ইয়ংঝু এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর ভুল স্বীকার করেন।
গুয়াংডং প্রদেশের নিউ এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক চেন সম্প্রতি আংশিক রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান জুমলায়নের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বেশ কয়েকটি প্রতিবেদন লেখেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়, চেন ঘুষ নিয়ে ওই সব মিথ্যা প্রতিবেদন লিখেছেন।
প্রথমে চেনকে সমর্থন দিলেও রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি ‘ভুল স্বীকার’ করার পর অবস্থান পাল্টিয়েছে নিউ এক্সপ্রেস। গতকাল রোববার পত্রিকাটির প্রথম পাতায় ছাপানো এক বিবৃতিতে ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এতে প্রতিবেদনগুলো যথাযথভাবে ‘যাচাই করতে ব্যর্থতার’ কথা স্বীকার করা হয়েছে।
জুমলায়নের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর মুক্তির আহ্বান জানিয়ে নিউ এক্সপ্রেস প্রথম পৃষ্ঠাজুড়ে আবেদন ছাপায়, যা চীনে নজিরবিহীন এক ঘটনা।
তবে সাংবাদিক চেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে ভুল স্বীকার করেন। গত শনিবার তাঁর এ-সংক্রান্ত একটি বিবৃতি প্রচার করা হয়। তিনি বলেন, ‘আমি অর্থ ও যশের পেছনে ছুটতে গিয়ে এটা করেছি।’
সাংবাদিক চেনের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে কি না, তা জানা যায়নি। বিবিসি।