‘ভূগর্ভে পারমাণবিক কর্মসূচির বিস্তার ঘটিয়েছে ইরান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান একটি ভূগর্ভস্থ বাংকারে অধিকতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য বেশ কিছু যন্ত্র বসিয়েছে। গত বৃহস্পতিবার একাধিক কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। অবশ্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করেনি। এ ঘটনায় পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করেছে। আর এ কারণে ইরানের পরমাণু প্রকল্পে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা জোরালো হয়েছে। সূত্র বলেছে, শত্রুর হামলা থেকে রক্ষা পেতে পর্বতের অভ্যন্তরে অবস্থিত ফরদোউ পরমাণু প্রকল্পে বাড়তি অনেকগুলো সেন্ট্রিফিউজ বসিয়েছে ইরান। একটি সূত্রের ধারণা, সেখানে কয়েক শ যন্ত্র বসানো হয়েছে।গত বছর স্থাপন করা ফরদোউ পরমাণু প্রকল্পে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কাছাকাছি পৌঁছে যেতে পারে তেহরান। এ জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। রয়টার্স।