'ভূতকে ভয় করতে পারি, তালেবানকে নয়'

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছে, তালেবানের নতুন হুমকিতে সে মোটেই ভীত নয়। সে ‘ভূতকে ভয় পায়, তালেবানকে নয়’।
ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে মালালা এই মন্তব্য করেছে। ভারতের কোনো গণমাধ্যমকে এটাই তার প্রথম সাক্ষাত্কার।
নারীশিক্ষা অধিকারের পক্ষে কাজ করায় তালেবান মালালার ওপর ক্ষুব্ধ হয়। গত বছরের অক্টোবরে সোয়াতে বিদ্যালয়ের বাসে উঠে জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যে চিকিত্সা দেওয়া হয়। ধীরে ধীরে সেরে ওঠে সে।
এ ঘটনার পর ১৬ বছর বয়সী সাহসী ও বুদ্ধিদীপ্ত এই পাকিস্তানি কিশোরী আন্তর্জাতিক অঙ্গনে নারীশিক্ষা আন্দোলনের প্রতীকে পরিণত হয়। এর মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে সে। চলতি বছর শান্তিতে নোবেল পাওয়ার দৌড়েও তার নাম বারবার উচ্চারিত হয়েছে। মালালাকে নিয়ে বিশ্বসম্প্রদায় ও ক্ষমতাধর নেতাদের আগ্রহ-উচ্ছ্বাসের কমতি নেই। কিন্তু মালালা বলছে, সে নিজেকে খুবই সাদামাটা একজন কিশোরী হিসেবেই দেখে। তালেবানের হামলার ঘটনার পর তার পারিপার্শ্বিকতা হয়তো বদলেছে, কিন্তু ব্যক্তি মালালার কোনো বদল হয়নি।
গুলিবিদ্ধ মালালা যুক্তরাজ্যের বার্মিংহামের একটি হাসপাতালে তার প্রথম চেতনা ফিরে পাওয়ার সময় স্মরণ করে বলে, চেতনা ফেরার পর তার প্রথম চিন্তা ছিল, সে বা তার পরিবার কীভাবে এই হাসপাতালের ব্যয় মেটাবে।
তালেবানরা আবার তার জীবন কেড়ে নিতে চাইলে কী হবে—এমন প্রশ্নের জবাবে মালালা বলে, ‘আমি ভূতকে ভয় পেতে পারি, কিন্তু তালেবানকে কখনোই নয়।’