'ভূতের ভয়ে' প্রেসিডেন্ট বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িটা বিলাসবহুল। তবু সেখানকার পরিবেশ নাকি খারাপ। ‘ভূতেরাও’ মাঝে মাঝে হানা দেয়। এমন কারণ দেখিয়ে খোদ প্রেসিডেন্ট সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। এ ঘটনা ব্রাজিলের। দেশটির একটি সাপ্তাহিক পত্রিকা গত শনিবার খবরটি ছেপেছে।
‘আলভোরাদা প্যালেস’ নামের বাড়িটি ছেড়ে দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করেছেন। সুন্দরী প্রতিযোগিতার সাবেক বিজয়ী স্ত্রী এবং সাত বছর বয়সী পুত্রকে নিয়ে তেমার উঠেছেন ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বাড়িতে।
আধুনিক স্থাপত্যে নির্মিত প্রেসিডেন্টের বাসভবনটির নকশাকার অস্কার নিয়েমেয়ার। এটা অনেকের স্বপ্নের বাড়ি। ভেতরে আছে সুবিশাল পুকুর, ফুটবল মাঠ, প্রার্থনালয় ও বিস্তীর্ণ প্রাঙ্গণ। কিন্তু ৭৬ বছর বয়সী প্রেসিডেন্ট তেমার ও তাঁর ৩৩ বছর বয়সী স্ত্রী মার্সেলার কাছে ওই কাচের দেয়ালঘেরা বাড়িকে গুহার মতো মনে হয়।
তেমার বলেন, ওখানে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। তিনি প্রথম রাত থেকেই ঘুমাতে পারেননি। নিজেকে কেমন যেন নিঃশক্তি লেগেছিল। মার্সেলাও একই রকম অনুভব করেছেন। এমনও মনে হয়েছে যে ভূতপ্রেত নয় তো! তবে তাঁদের ছেলে মিশেলজিনো বাড়িটা পছন্দ করেছে। লম্বা বারান্দায় ছোটাছুটি করে সে বেশ আনন্দ পেয়েছে।
গ্লোবো নামের পত্রিকা লিখেছে, প্রেসিডেন্ট তেমার ওই বাড়ি থেকে ‘অশুভ আত্মাদের’ তাড়াতে একজন পাদরি ডেকেছিলেন। তবে তাতে কাজ হয়নি। শেষমেশ তেমার অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্তই নেন। ভাইস প্রেসিডেন্টের বাড়িটায় বিলাস একটু কম হলেও ভালো এবং পরিচিত। কারণ, গত বছর দিলমা রুসেফের অভিশংসনের আগ পর্যন্ত তেমার ওই বাড়িতেই থাকতেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ভাইস প্রেসিডেন্টের পদটা শূন্যই রয়েছে। সেই সুবাদে বাড়িটাও খালি পড়ে ছিল।