‘ভয়ংকর’ আতশবাজির শহরে
দক্ষিণ ভারতের শিবকাশী শহরটি আতশবাজি তৈরির জন্য বিখ্যাত। তামিলনাড়ু রাজ্যের ভিরুধুনগর জেলায় অবস্থিত এই শহরে গত কয়েক বছরে ঘটেছে অগ্নিকাণ্ডের মতো বেশ কয়েকটি বড় দুর্ঘটনা। প্রাণ হারিয়েছে বহু শ্রমিক। ফলে এই শিল্পনগর ‘বিপজ্জনক’ পরিচিতি পেয়েছে। শিবকাশীর একটি কারখানায় ৫ সেপ্টেম্বর আগুন লেগে ৩৮ জন শ্রমিক প্রাণ হারায়। ২০০৯ সালে একই রকম দুর্ঘটনায় প্রায় ৪০ জন, ২০০১ সালে ৩০ জন এবং ১৯৯১ সালে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া ছোটখাটো বহু দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের তালিকা আরও দীর্ঘ। এসব কারখানায় অগ্নিকাণ্ডে প্রতিবছরই ২০ থেকে ২৫ জন প্রাণ হারায়। তবু জীবিকার জন্য এই ঝুঁকিপূর্ণ কাজের ওপরই নির্ভর করছে সাত লাখেরও বেশি মানুষ। শিবকাশীর আতশবাজি কারখানাগুলোতে বছরে অন্তত ৩৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের লেনদেন হয় বলে ব্যবসায়ীরা জানান। এ ছাড়া দেশলাই ও প্রকাশনা শিল্পের জন্যও খ্যাতি রয়েছে শহরটির। আতশবাজি উৎপাদনে শীর্ষ দেশ চীনের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটি অভ্যন্তরীণ চাহিদার ৯০ শতাংশেরও বেশি আতশবাজি উৎপাদন করে। দুর্ঘটনার পর আতশবাজি কারখানার শ্রমিকদের বয়ে বেড়াতে হয় শরীরের বিভিন্ন অংশে আঘাত, পোড়া-চিহ্ন অথবা শ্বাসকষ্টের মতো অসুখ। চলতি মাসের দুর্ঘটনার পর কারখানাগুলো কিছুদিন বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে। ‘আমরা আতঙ্কিত, কিন্তু কাজ না করে উপায় কী?’, বলছিলেন পুমেরাজ। তাঁর শরীরের বড় অংশ পুড়ে গিয়েছিল। এখন তিনি কিছুটা সেরে উঠেছেন। স্থানীয় সরকারি হাসপাতালটিতে নেই পর্যাপ্ত জনবল ও চিকিৎসার সামগ্রী। হাসপাতালটির প্রধান চিকিৎসা কর্মকর্তা এম কাথিরেসান বলেন, সর্বশেষ দুর্ঘটনার আগে গত এক বছরে ২২ জন শ্রমিক প্রাণ হারিয়েছে এবং ৫০ জন আহত হয়েছে।কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও স্বল্পমজুরি (দৈনিক মাত্র তিন মার্কিন ডলার) প্রদানের জন্য শিবকাশীর কারখানাগুলোর সমালোচনা করা হয়। বিবিসি।