‘মধুচন্দ্রিমার’ সুযোগ নেই নতুন প্রেসিডেন্ট ওলাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে গত ১৭ বছরের মধ্যে প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও ‘মধুচন্দ্রিমার’ সুযোগ পাচ্ছেন না ফ্রাঁসোয়া ওলাঁদ। ইউরো জোনের ঋণ-সংকটের ধাক্কা থেকে দেশকে বাঁচাতে কাজ শুরু করতে হচ্ছে তাঁকে।গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজিকে পরাজিত করেন ওলাঁদ। আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ৫৭ বছর বয়সী এই সমাজতান্ত্রিক নেতা। ক্ষমতা নেওয়ার আগেই ঋণ-সংকট মোকাবিলার মতো কঠিন কাজ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি ঠিক হয়ে আছে তাঁর।ক্ষমতা নিয়ে ওলাঁদের প্রথম কাজ হবে ঋণ-সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে আলোচনা করা। ইইউর চুক্তির সঙ্গে বেশ কিছু বিষয়ে ওলাঁদের প্রতিশ্রুত অর্থনৈতিক নীতির পার্থক্য রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে তাঁকে। গত রোববার জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ওলাঁদ বলেন, তিনি ব্যয় সংকোচন নীতির পরিবর্তে চুক্তি নিয়ে ইইউ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। তবে তাঁর এমন ধারণা ইতিমধ্যে নাকচ করে দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি নিয়ে পুনরায় আলোচনায় বসা অসম্ভব।ওলাঁদের নির্বাচনী প্রচারাভিযানের পরিচালক পিয়েরে মসকোভিসি জানান, দায়িত্ব নেওয়ার পর জার্মানিই হতে পারে প্রেসিডেন্ট ওলাঁদের প্রথম রাষ্ট্রীয় সফর।হোয়াইট হাউস গত সোমবার বলেছে, ওলাঁদের জয়লাভের আগে ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেমন গভীর সম্পর্ক ছিল, এখনো তার পরিবর্তন হবে না। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় সামরিক জোট ন্যাটো ও উন্নত দেশগুলোর সংগঠন জি-৮ সম্মেলনে ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ওলাঁদকে আমন্ত্রণ জানানো হবে। দুটি সম্মেলনই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফ্রান্স ও গ্রিসে নির্বাচনের ফলাফল বিশ্ববাজারকে ‘অস্থিতিশীল’ করতে পারে।বিশ্লেষকেরা বলছেন, সব মিলিয়ে ইউরো-সংকট ও সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবিলায় ওলাঁদকে কঠিন কাজ করতে হবে, যার কারণে ১৭ বছর পর দলকে ক্ষমতায় এনেও ‘মধুচন্দ্রিমা’ করা হবে না তাঁর। এএফপি।