'মধ্য আফ্রিকায় দুই দিনেই ১০০০ নিহত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ে খ্রিষ্টান মিলিশিয়াদের হামলার জবাবে মুসলিম সাবেক বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছে। তাদের হামলায় দুদিনেই প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
খ্রিষ্টান-অধ্যুষিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজেকে গত মার্চে মাইকেল দোজোদিয়ার নেতৃত্বাধীন মুসলিম বিদ্রোহী সেলেকা গোষ্ঠী উৎখাত করার পর দেশটিতে বিশৃঙ্খলা দেখা দেয়। এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির সঙ্গে বসবাসের দীর্ঘদিনের নজির রয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি গতকাল এক বিবৃতিতে বলেছে, অ্যান্টিবলাকা (অ্যান্টিম্যাশেটি) হিসেবে পরিচিত খ্রিষ্টান মিলিশিয়ারা রাজধানীর কয়েকটি স্থানে ৬০ জনের মতো মুসলমানকে হত্যার পর ৫ ও ৬ ডিসেম্বর ভয়াবহ সহিংসতা শুরু হয়।
সংগঠনটি বলেছে, কার্যত সরকার-সমর্থিত সাবেক সেলেকা বিদ্রোহীরা এই হামলা চালালে দুদিনেই নিহত হয় প্রায় এক হাজার লোক। পরিকল্পিতভাবে লুট করা হয় নিরীহ লোকজনের বাড়িঘর। নিহত ব্যক্তিদের মধ্যে কিছু নারী এবং শিশু রয়েছে। এএফপি ও রয়টার্স।