‘মধ্যপ্রাচ্যে নারী অধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে গত পাঁচ বছরে নারী অধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। গত বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউস নামের একটি সংস্থার গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এএফপি।প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ওই অঞ্চলের ১৮টির মধ্যে ১৫টি দেশেই নারী অধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও নারীদের প্রতি সহিংসতা এখনো বন্ধ হয়নি। বর্তমানে অর্থনীতি, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীরা অনেকটা এগিয়ে গেছেন। তবে সংস্কৃতিতে ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছেন তাঁরা। এ অঞ্চলের নারীরা অন্য যেকোনো অঞ্চলের চেয়ে বেশি বৈষম্যের শিকার হন।নারী অধিকার পরিস্থিতির সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তিউনিশিয়া ও জর্দানে। এর পরের অবস্থানে রয়েছে মরক্কো, আলজেরিয়া ও লেবানন। তবে ইয়েমেন ও সৌদি আরব বেশ পিছিয়ে পড়েছে। সবচেয়ে করুণ অবস্থা ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনের নারীদের। এর মূল কারণ দেশগুলোতে অভ্যন্তরীণ সংঘাত ও জঙ্গিবাদের উত্থান। ইরাকে গত বছর নারীদের খুন, ধর্ষণ ও অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।কুয়েতে নারী অধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। দেশটিতে নারী ও পুরুষ সমান রাজনৈতিক অধিকার ভোগ করে। গত মে মাসে দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে চারজন নারী জয়লাভ করেছেন। দেশটিতে একসঙ্গে চারজন নারী নির্বাচিত হওয়ার ঘটনা এটাই প্রথম।ফ্রিডম হাউসের নির্বাহী পরিচালক জেনিফার উইন্ডসর বলেন, ওই অঞ্চলের দেশগুলোতে অন্য যেকোনো সময়ের চেয়ে নারী উদ্যোক্তা, চিকিত্সক ও উচ্চ ডিগ্রিধারীর সংখ্যা বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তির হারও আগের চেয়ে বেড়েছে। তবে পেশা গড়ার ক্ষেত্রে এখনো তাঁরা বাধার মুখে পড়ছেন।সৌদি আরবের কথা উল্লেখ করে জেনিফার বলেন, দেশটিতে নারীরা আইন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন, কিন্তু আদালতে কোনো মক্কেলের পক্ষে দাঁড়াতে পারেন না।