‘মনসুর ইজাজকে পাকিস্তানে আসতে বাধা দিচ্ছে সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজকে পাকিস্তানে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী আকরাম শেখ। গতকাল সোমবার পাকিস্তানে তদন্ত কমিশনের সামনে তাঁর হাজির হওয়ার কথা ছিল।বহুল আলোচিত গোপন চিঠি কেলেঙ্কারির তদন্তে গঠিত মেমো কমিশনে গতকাল শুনানি হয়। শুনানির পর ইজাজের আইনজীবী আকরাম শেখ বলেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক যদি মনসুর ইজাজকে সত্য বলার অনুমতি দেন, তবেই তিনি পাকিস্তানে আসবেন।কমিশনের শুনানিতে গতকাল মনসুর ইজাজের হাজির হওয়ার কথা ছিল। তবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁর আরও সময়ের প্রয়োজন বলে বিষয়টি বিবেচনার জন্য কমিশনের কাছে আবেদন জানান তাঁর আইনজীবী।শুনানিকালে আকরাম বলেন, পাকিস্তানের ভিসার জন্য সুইজারল্যান্ডে অবস্থিত দূতাবাসে আবেদন করেছেন মনসুর ইজাজ। ২৪ জানুয়ারি তিনি মেমো কমিশনের মুখোমুখি হতে পারেন। বেলুচিস্তান ইাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে মেমোগেট মামলার শুনানি হয়। আকরাম শেখ ছাড়াও এতে উপস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট নওয়াজ শরিফ ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি।এদিকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হোসেইন হাক্কানি ও মনসুর ইজাজকে সংবাদমাধ্যমে একই রকম গুরুত্ব দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন হাক্কানির আইনজীবী জাহিদ বোখারি। তিনি বলেন, কমিশনের সামনে হাজির হওয়ার জন্য মনসুর ইজাজকে অতিরিক্ত সময় দেওয়া উচিত হবে না। হোসেইন হাক্কানির একাধিক ফোন হারিয়ে গেছে এবং সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে মোমোগেট কেলেঙ্কারি-সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে ব্ল্যাকবেরি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (আরআইএম)। কানাডাভিত্তিক ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান আরআইএম জানায়, তাদের ব্যক্তিগত নিরাপত্তাবিষয়ক আইন অনুযায়ী, কোনো গ্রাহক বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট গ্রাহকের অনুমতি ছাড়া প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই পাকিস্তানকে কোনো তথ্য দেওয়া হবে না। পাকিস্তানের এক চিঠির জবাবে আরআইএম এ কথা জানায়। মোমোগেট কেলেঙ্কারি-সংশ্লিষ্ট তথ্য দিতে অনুরোধ জানিয়ে ব্ল্যাকবেরি প্রস্তুতকারক আরআইএম কর্তৃপক্ষকে একটি চিঠি লিখেছিলেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মৌলভি আনওয়ারুল হক।আনওয়ারুল হক গতকাল বলেন, আবেদন করামাত্র মনসুর ইজাজকে দ্রুত ভিসা দিতে ব্রিটেনে পাকিস্তান হাইকমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত বছর সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করে একটি গোপন চিঠি পাঠান তৎকালীন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মাইক মুলেনের কাছে। মনসুর ইজাজ চিঠিটি পৌঁছে দেন বলে অভিযোগে রয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তানে সরকার ও সেনাবাহিনীর বিরোধ চরমে পৌঁছায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হোসেইন হাক্কানিকে প্রত্যাহার করা হয়। দ্য নিউজ।