'মনে হচ্ছে, এখানকার ৫০ শতাংশ লোক বর্ণবাদী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়াস্কা
সোয়াস্কা

ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সদস্যপদের সবচেয়ে দৃশ্যমান সাম্প্রতিক উদাহরণ অভিবাসী পোলিশদের বিভিন্ন দোকান। যুক্তরাজ্যের বেশির ভাগ বড় শহরের সড়ক পোলিশ মুদি দোকানে ছেয়ে গেছে।
কেমব্রিজের এমনই এক দোকানে খোশগল্প করছিলেন এর কর্মী ও ক্রেতারা। যুক্তরাজ্যের ইউরোপ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষোভ ও দুঃখ চেপে রাখতে পারেননি তাঁরা। কন্যাসন্তান কোলে রাখা ডিজিটাল মার্কেটের কর্মী আইয়োনা এরিকসন বলেন, ‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে, এখানকার ৫০ শতাংশ লোকই বর্ণবাদী। এর আগে আমি এমন বৈষম্যের মুখোমুখি হইনি।’
এরিকসন বললেন, তাঁর এক সহকর্মী ভোটের ফল দেখে কেঁদে ফেলেন। তিনি বলেছেন, পোল্যান্ডে ফিরে যেতে চান না।
ছয় মাস আগে সপরিবারে পোল্যান্ড থেকে যুক্তরাজ্যে আসা ২০ বছর বয়সী সোয়াসকা একটি খাবারের দোকানে কাজ করেন। তিনি বলেন, ‘এখানকার মানুষ খুব ভালো, পোল্যান্ডের চেয়েও। তাই আমি খুব অবাক হয়েছি তারা ইইউ ছাড়ার পক্ষে ভোট দেওয়ায়।’ সোয়াসকা বলেন, যুক্তরাজ্যে তিনি ঘণ্টায় ৭ পাউন্ড আয় করতে পারেন, যেখানে পোল্যান্ডে পেতেন মাত্র দেড় পাউন্ড। বুঝতে পারছেন না, এখন তাঁরা কী করবেন।
এস্তোনিয়ার নাগরিক কেনিয়া দ্রোজদোভা বলেন, ‘যুক্তরাজ্যে ইতিমধ্যেই বসবাস ও কর্মরত ইউরোপীয়রা থেকে যেতে পারবেন—আমি এখন শুধু এ আশাই করছি।’