‘মমতা বশংবদদের বেশি পছন্দ করেন’
ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। মুখ্যমন্ত্রীর কোনো ধৈর্য নেই। উনি কারও কথা শোনেন না।’ গত রোববার কলকাতা প্রেসক্লাবে কালিদাস-গালিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের এক স্মরণসভায় বিচারপতি কাটজু এসব কথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ প্রশাসক হিসেবে নিশ্চয়ই মমতা সব সিদ্ধান্ত নেবেন। কিন্তু সবার কথাও তাঁর শোনা উচিত। মুখ্যমন্ত্রীর বোঝা উচিত, এটা গণতন্ত্র। রাজতন্ত্রে প্রভু আর প্রজারা ভৃত্য। কিন্তু গণতন্ত্রে এর উল্টোটা।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কাটজু বলেন, মুখ্যমন্ত্রী নিজের সমালোচনা সহ্য করতে পারেন না। সব সময় তিনি ইয়েসম্যান বা বশংবদদের পছন্দ করেন। তিনি মুখ্যমন্ত্রীকে আরও ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন।