'মমতার রথ একদিন দিল্লি পৌঁছাবেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি লোকসভার সদস্য সুব্রত বকসী বলেছেন, ৩০ জানুয়ারি কলকাতার ‘ব্রিগেড সমাবেশ’ এত বিশাল হবে যে কোনো রাজনৈতিক দল আর ‘ব্রিগেড সমাবেশ’ করতে ঝুঁকি নেবে না।

গতকাল সোমবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দলীয় এক সমাবেশে সুব্রত বকসী এ কথা বলেন।

তৃণমূল কংগ্রেসের নেতা এই সমাবেশকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে তুলনা করে বলেন, ‘ব্রিগেড সমাবেশ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রথে চাপবেন, একদিন সেই রথ দিল্লি পৌঁছাবেই। সেই রথের দড়ি ছোঁয়ার জন্য কোটি কোটি মানুষ এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

সুব্রত বকসী মমতার প্রশংসা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এখন ভারতে আর একজনও খুঁজে পাওয়া যাবে না।’

মমতা বেঁচে থাকলে সিঙ্গুরের কৃষকেরা জমি ফেরত পাবেনই—মন্তব্য করে সুব্রত বকসী বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি তা আটকাতে পারবে না। সিঙ্গুরের জমির মামলা এখন আদালতে। আইনের প্রতি তাঁর দলের আস্থা রয়েছে। তবে আইন যদি অধিকারকে অস্বীকার করে, তাহলে সিঙ্গুরের জমি কী করে ফেরত দিতে হয় তৃণমূল কংগ্রেস তা জানে।’