‘মহাত্মা গান্ধীকে আপনারা আইনজীবী বানিয়েছেন, আমরা বানিয়েছি নেতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধীকে ‘আপনারা একজন আইনজীবী বানিয়েছেন, আমরা বানিয়েছি তাঁকে নেতা।’ ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী সম্পর্কে কথাগুলো বলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার। ভারত সফররত জুমা গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এফআইসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর নেতা হওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকার ভূমিকা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, শান্তির দূত গান্ধীর চিন্তা ও আদর্শ দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছে।ভারতকে দক্ষিণ আফ্রিকার ‘বড় ভাই’ অভিহিত করে জুমা বলেছেন, ‘দুঃসময়ে উভয় দেশ সবসময় পরস্পরের পাশে দাঁড়িয়েছে। সংকটই আমাদের পরস্পরকে বুঝতে সহায়তা করেছে।’ তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বন্ধুপ্রতিম সম্পর্কের অসাধারণ একটা ইতিহাস রয়েছে। এটা ১৫০ বছরের ইতিহাস। এ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঐতিহাসিক এ সম্পর্ক প্রজন্ম থেকে প্রজন্ম চালিয়ে যেতে হবে।’প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হলো জ্যাকব জুমার প্রথম ভারত সফর। তিনি জানিয়েছেন, এ বছর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় প্রবাসীদের আগমনের ১৫০ বছর পূর্তি উদ্যাপন করা হবে। ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে জুমা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য তিনি তাঁর সফরসঙ্গী হিসেবে এক ঝাঁক ব্যবসায়ী প্রতিনিধি ভারতে নিয়ে এসেছেন।ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গত এক দশকে বাণিজ্যিক সম্পর্ক কয়েক গুণ বেড়েছে। ২০০২ সালে দুই দেশের মধ্যে আড়াই শ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। ২০০৮-০৯ সালে এ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০ কোটি ডলারে। এ বাণিজ্যের পরিমাণ ২০১২ সাল নাগাদ এক হাজার কোটি ডলারে উন্নীত করতে চান জুমা। জুমা আরও বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ভারত সফরই হলো যথোপযুক্ত। তিনি বলেন, ‘আমরা চিন্তা করেছি, ভারত সফর না করে আমাদের বিশ্বকাপ ফুটবল শুরু করাটা উচিত হবে না। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে ভারতে আসার পরিকল্পনা আমরা আগেই নিয়েছিলাম। আর এ কারণেই আমি এখন ভারতে।’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পরস্পরকে সহায়তার মাধ্যমে এগিয়ে যেতে চাই। বড় ভাই সব সময়ই ছোট ভাইকে সাহায্য করে। যেকোনো সমস্যায় বড় ভাই-ই ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ায়।’প্রেসিডেন্ট ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: জ্যাকব জুমা গতকাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে বৈঠক করেছেন। মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক সম্পর্ক ‘উচ্চপর্যায়ে’ নিয়ে যাওয়ার জন্য এখনই হচ্ছে উপযুক্ত সময় উল্লেখ করে জুমা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ১৯৪০-এর দশকের নিয়মকানুন দিয়ে আমরা খুব বেশি দূর এগোতে পারব না। বিশ্ব পাল্টেছে। আমাদেরও পরিবর্তন দরকার।’রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সাক্ষাৎ শেষে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘ভারতের কাছ থেকে আমরা যে ধরনের সহযোগিতা পাচ্ছি, তা এককথায় ব্যতিক্রম।’ সূত্র: পিটিআই ও এএফপি।