সৈকতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের এক পরিবারের চার শিশু নিহত
'মানবিক অস্ত্রবিরতির' আগে অমানবিক ইসরায়েল
জাতিসংঘের আহ্বানে গতকাল বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার অস্ত্রবিরতি পালন করে ইসরায়েল ও গাজা। ইসরায়েল এ উদ্যোগকে ‘মানবিক অস্ত্রবিরতি’ বলে ঘোষণা দিয়েছিল। এ ‘মানবিক অস্ত্রবিরতির’ আগে এই ইসরায়েল করে বসল এক অমানবিক, নৃশংস এবং ঘৃণ্যতম কাজ। সৈকতে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের একই পরিবারের চার শিশুকে হত্যা করেছে তারা।খবর সিএনএনের।
ইসরায়েলি নৃশংসতায় কান্না আর আর্তনাদ চলছে বকর পরিবারে। ওই পরিবারের অন্ধ রমিজ বকর কাঁদতে কাঁদতে বলেন, ‘এ খবর শোনার আগে আমার মরণ হলো না কেন!’ নিহত চার শিশুর একজন তাঁর সন্তান।
রমিজ যখন ইসরায়েলি বিমান হামলায় ১১ বছর বয়সী সন্তান হারানোর বেদনায় কাতর, তখন তাঁর প্রিয় সন্তানসহ পরিবারের চারটি শিশুকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরে শোয়ানোর শেষ প্রস্তুতি চলছিল।
বুধবার গাজা শহরের কাছের সৈকতে খেলছিল স্থানীয় বকর পরিবারের চার শিশু মোহাম্মদ, ইসমাইল, জাকারিয়া ও আহিদ। ৯ থেকে ১১ বছর বয়সী এই শিশুদের লক্ষ্য করেই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রক্তাক্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে পড়ল ছোট্ট দেহগুলো।
প্রিয় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর খবর যেন বুকে শেলের মতো বিদ্ধ হয়েছে রমিজের। তাঁর চাওয়া, এ মুহূর্তে বিশ্ব সম্প্রদায় এগিয়ে এসে গাজার বর্তমান পরিস্থিতি অবসানের উদ্যোগ নিক।
গত বুধবার ওই শিশুদের দাফন অনুষ্ঠানে শত শত ফিলিস্তিনি অংশ নেন। বর্বরোচিত ওই হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় ইসরায়েলবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।
হামাসের মুখপাত্র জহুরি শিশুদের হত্যায় চালানো এ হামলাকে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ ও ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘এই শিশুরা তো ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছিল না, তারা শুধু খেলছিল।’
এ হামলার পক্ষেও সাফাই গেয়েছে ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, রকেট লঞ্চারের কাছেই শিশুদের খেলতে দিয়েছে কট্টরপন্থী হামাস। এটা তাদের মানবঢাল হিসেবে শিশু ও বেসামরিক নাগরিকদের ব্যবহারের আরেকটি উদাহরণ। ইসরায়েলি মন্ত্রিপরিষদের সদস্য নাফতালি বেনেৎ অভিযোগ করেন, হামাস চাইছে যত বেশি সম্ভব বেসামরিক প্রাণহানি বাড়িয়ে নেওয়া। এতে করে বিশ্বের কাছ থেকে তার সহায়তা চাওয়ার পথ সুগম হবে।