‘মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে রাশিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া কার্যত মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশটির সরকারি কর্মকাণ্ড ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে কোনো পার্থক্য নেই। সর্বস্তরে দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত রোববার উইকিলিকস প্রকাশিত মার্কিন কূটনীতিকদের গোপন তারবার্তায় এসব কথা বলা হয়েছে। এসব বার্তায় রাশিয়া ছাড়াও বেলারুশ ও চেচনিয়াকে মাফিয়া রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জবাবে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব বার্তা প্রকাশ করা হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে তিনি মন্তব্য করেন।স্পেনের রাজধানী মাদ্রিদের মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় দেখা গেছে, রাশিয়ার মাফিয়া চক্রের সঙ্গে ভ্লাদিমির পুতিনের জড়িত থাকার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। এতে আরও দেখা গেছে, ওয়াশিংটন মনে করে, রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলেক্সান্দার লিতভিনেংকোর হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে পুতিন জানতেন। ২০০৬ সালে লন্ডনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ফ্রিড বলেছেন, প্রধানমন্ত্রী পুতিন এ হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানতেন। ফ্রান্সের কূটনৈতিক উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে ফ্রিড বলেন, পুতিনের অজান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা কিছুতেই ঘটতে পারে না। তিনি এ হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতেন। এক বার্তায় দেখা গেছে, ইউক্রেনের এক প্রভাবশালী ব্যবসায়ী মার্কিন কর্মকর্তাদের জানান, রাশিয়ার সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে পুতিন সরাসরি জড়িত।অপর এক বার্তায় দেখা গেছে, এ বছরের জানুয়ারি মাসে স্পেনের এক প্রভাবশালী কৌঁসুলি গ্রিন্ডা গঞ্জালেস দাবি করেন, রাশিয়া, বেলারুশ ও চেচনিয়া—এই তিন দেশের সরকার ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে কোনো তফাত নেই। তিনি বলেন, রাশিয়ার কয়েকটি রাজনৈতিক দল সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ ব্যাপারে তাঁর কাছে সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে।রাশিয়ার অপরাধী চক্র স্পেনে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। গ্রিন্ডা গঞ্জালেস এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ে প্রায় এক দশকব্যাপী একটি তদন্তে নেতৃত্ব দিয়েছেন। তদন্তের ভিত্তিতে অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ৬০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বাইরেল রাশিয়ার দুর্নীতির ওপর একটি প্রতিবেদন তৈরি করেছেন। ওয়াশিংটনে পাঠানো এই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সে দেশের পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ, জনপ্রশাসনসহ সর্বস্তরে অপরাধীদের যোগাযোগ রয়েছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গত ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, রাশিয়ার গণতন্ত্র হারিয়ে গেছে।গার্ডিয়ান বলেছে, রাশিয়ার রাজনীতিতে বছরে ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি মার্কিন ডলার।এসব অভিযোগের জবাবে ভ্লাদিমির পুতিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রবার্ট গেটসকে ভুল বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, ‘কেউ কেউ উইকিলিকস কর্তৃপক্ষকে রাশিয়ার ব্যাপারে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এসব বার্তা প্রকাশ করা হয়েছে। তবে এটাকে আমি কোনো বিপর্যয় হিসেবে দেখছি না।’পুতিন বলেন, ‘নির্বাচিত সরকারই রাশিয়া পরিচালনা করছে। নব্বইয়ের দশকের শুরুতে রাশিয়ার জনগণ গণতন্ত্রের পথে তাঁদের রায় দিয়েছেন। অতএব আমাদের বিপথগামী হওয়ার সুযোগ নেই।’এদিকে উইকিলিকস প্রকাশিত আরেক বার্তায় দেখা গেছে, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের সুইস ব্যাংকে হিসাব রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, সুইস ব্যাংকে তাঁর কোনো হিসাব নেই। এএফপি ও বিবিসি।