‘মার্কিন প্রেসিডেন্টের চাকরি সবচেয়ে চমৎকার’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিন বছর পার করার পর বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চাকরি পৃথিবীর সবচেয়ে চমৎকার চাকরি, যদিও তা কঠিন কাজ বটে।সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘এটা পৃথিবীর সবচেয়ে চমৎকার চাকরি। অবশ্য, আমাদের এখন অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সমাধান করা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। আর আপনি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন প্রতিটি ঘটনার জন্য নিজের দায়বদ্ধতা আপনি অনুভব করবেন।’মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি কোথাও বন্যা হয় বা টর্নেডো আঘাত হানে, অথবা কোথাও কেউ চাকরি হারাল, তখনো আপনি নিজেকে দায়ী মনে করবেন। আপনি চাইবেন সঠিক কাজটিই করতে, যা যুক্তরাষ্ট্রের জনগণ চাইছে।’কিন্তু অনেক মেধাবী মানুষের সঙ্গে কাজ করা এবং সারা দেশের চমৎকার সব মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া—এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না বলে জানান ওবামা।ওবামা বলেন, ‘আপনি যা করছেন, তার মধ্যে অনেক ভালো ও মজার কাজও আছে, যা আমি আজকাল করছি। যেমন—আমি কারও সঙ্গে নৈশভোজে বা আলোচনার টেবিলে বসে কথা বলতে গেলে তিনি তাঁর জীবনের কাহিনিগুলো বলেন। এ সময় অনেক কথাই আমি জানতে পারছি। কেউ হয়তো আমাকে বলেছে, ‘আমার সন্তানটি হেমোফিলিয়ায় ভুগছে, আপনি স্বাস্থ্যসেবা বিল পাস না করলে সে তার বিমা হারাত”, এটা সত্যিই আমার খুব কাজে এসেছে। অথবা কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বলেছেন “এসবিএর মাধ্যমে সুযোগটা পাওয়ার কারণেই আমি ব্যবসাটি শুরু করতে পেরেছিলাম”।’তবে অনেক বেদনাদায়ক কাজের অভিজ্ঞতাও আমার হয়েছে। যেমন নিহত কোনো সেনাসদস্যের পরিবারের লোকজনের মুখোমুখি হওয়া। ওবামা বলেন, ‘একদিকে আমার মনে হয়েছে, আমার সান্ত্বনাবাক্যে তাঁরা বুঝি কিছুটা স্বস্তি বোধ করছে। অন্যদিকে, আমাকে স্মরণ করিয়ে দিতে হয়েছে, দেশের জন্য মানুষ কতটা ত্যাগ স্বীকার করছে।’মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আর যখন আমি মাঝেমধ্যে দেখেছি, আমাদের সেনাদের মধ্যে যে দেশপ্রেম ও প্রতিশ্রুতি আছে, আমাদের রাজনীতিকরা তাঁর ধারেকাছেও নেই, তখন আমি কিছুটা হলেও হতাশ হয়েছি।’ পিটিআই।