লাখো গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দুনিয়াজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে উইকিলিকস। আর উইকিলিকসকে সেসব তথ্য সরবরাহ করে এখন বিচারের মুখোমুখি ২৫ বছর বয়সী ব্র্যাডলি ম্যানিং। আইন লঙ্ঘনের দায়ে বাকি জীবনের অনেকটাই হয়তো সামরিক কারাগারে কাটাতে হবে মার্কিন সেনাবাহিনীর এই তরুণ সদস্যকে। তবে যা করেছেন, তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। বরং ‘যুদ্ধের সত্যিকারের পরিণাম’ সম্পর্কে মার্কিন নাগরিকদের জানার অধিকার আছে মনে করেই উইকিলিকসকে তথ্য দিয়ে সহায়তা করেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি মেরিল্যান্ড সামরিক ঘাঁটিতে বিচার-পূর্ববর্তী শুনানিতে এসব কথা বলেন ব্র্যাডলি ম্যানিং। আগামী ৩ জুন থেকে তাঁর আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা। প্রাকিবচারের শুনানিতে ২২টি অভিযোগের মধ্যে ১০টিই স্বীকার করেন তিনি। আর বাকি ১২টি অভিযোগ সম্পর্কে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ব্র্যাডলির ওই স্বীকারোক্তি খুবই ব্যতিক্রমী বলে গত শুক্রবার দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ধরনের গুরুতর অপরাধের শুনানির সময় নিজের শাস্তির কথা না ভেবে খোলাখুলি নিজের মনের কথাগুলো বলেছেন ব্র্যাডলি। স্বীকার করেছেন, তিনি স্বপ্রণোদিত হয়েই এই গোপন তারবার্তা ও কিছু ভিডিও উইকিলিকসকে সরবরাহ করেছেন। ব্র্যাডলির বিরুদ্ধে আনা ২২টি অভিযোগের মধ্যে ১০টি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। যার ফলে প্রতিটি অভিযোগের জন্য দুই বছর করে কারাদণ্ডের সাজা পেতে হবে তাঁকে। অর্থাৎ প্রায় ২০ বছর কারা প্রকোষ্ঠে কাটাতে হবে তাঁকে।শুনানির সময় ব্র্যাডলি বলেছেন, তিনি মার্কিন সেনাদের উন্মত্ত রক্তলোলুপতা দেখে ক্রমেই অসুস্থ হয়ে পড়ছিলেন। ইরাকে মার্কিন হেলিকপ্টারের যে হামলায় অনেক শিশু ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি নিহত হয়েছিলেন, সেই ভিডিওটিও জনসমক্ষে এসেছিল ব্র্যাডলির হাত ধরে। বাগদাদের বাইরে গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের সময় গোপন দলিলপত্র ও ভিডিও উইকিলিকসের হাতে তুলে দেন তিনি। দ্য গার্ডিয়ান।