‘মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত’
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে আশ্রয় দেওয়ায় দেশটির বিচারকেরা ভারতের হাইকমিশনারের বিরুদ্ধে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় গ্রেপ্তার এড়াতে গত বুধবার নাশিদ মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। প্রেসিডেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মালদ্বীপের প্রশাসনিক বিচারব্যবস্থার নজরদারিবিষয়ক প্রতিষ্ঠান জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি) নাশিদের বিরুদ্ধে অভিযোগ আনে। এ ঘটনায় জেরা করার জন্য সম্প্রতি নাশিদকে আদালতে তলব করা হয়।জেএসসি এক বিবৃতিতে বলেছে, ‘মালদ্বীপের বিচার-প্রক্রিয়ায় ভারতীয় হাইকমিশনার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছেন—এটা খুবই দুঃখজনক। আর নাশিদকে নিজের হাইকমিশনে আশ্রয় দিয়ে তিনি আইনি প্রক্রিয়াকে ব্যাহত করেছেন।’ তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাশিদের মালদিভিয়ান ডেমেক্রেটিক পার্টি বলেছে, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। গত বছরের ফেব্রুয়ারিতে সহিংস বিক্ষোভ এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হন নাশিদ। তিনি দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। এএফপি।