‘মালেমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত’
দক্ষিণ আফ্রিকার তরুণ বিদ্রোহী রাজনীতিবিদ জুলিয়াস মালেমার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তাঁর আইনজীবী মন্তব্য করেছেন। তিনি বলেন, মালেমার মুখ বন্ধ করে দেওয়ার উদ্দেশেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।মালেমার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।দেশটির সিটি প্রেস পত্রিকা তাদের ওয়েবসাইটে বলেছে, মালেমার বিরুদ্ধে অর্থ পাচার, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে।আইনজীবী নিকুই গালাকতিউ বিবিসিকে বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। অথচ তিনি কিংবা মালেমা তাঁরা কেউই এ সম্পর্কে কিছুই জানেন না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি, তারা মালেমাকে নিষ্ক্রিয় করে দিতে চায়, তাঁকে হত্যা করতে চায়।’ বিবিসি।