'মিস আমেরিকা, নাকি মিস আল-কায়েদা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন মুলুকে সেরা সুন্দরীর মুকুট পরেছেন ভারতীয় বংশোদ্ভূত নিনা।
মার্কিন মুলুকে সেরা সুন্দরীর মুকুট পরেছেন ভারতীয় বংশোদ্ভূত নিনা।

মার্কিন মুলুকে সেরা সুন্দরীর মুকুট পরেছেন ভারতীয় বংশোদ্ভূত একজন নারী । ব্যাপারটি একুশ শতকে অস্বাভাবিক কিছু না হলেও তাতে শ্বেতাঙ্গ আমেরিকানরা যে ভুরু কুঁচকাবেন, সেটাও প্রায় স্বাভাবিক। ভারতীয় বংশোদ্ভূত নারী নিনা দাভুলুরির বেলায় ঘটেছেও তা-ই।
সম্প্রতি নিনা ‘মিস আমেরিকা’ নির্বাচিত হওয়ার পরপরই বর্ণবাদী মন্তব্যে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ছেয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ নাগরিকেরা।
শ্যানন ম্যাককান নামের এক ব্যক্তি টুইটার বার্তায় লিখেছেন, ‘মিস আমেরিকা, নাকি মিস আল-কায়েদা?’ তিনি এ-ও বলেছেন, ‘মাত্র চার দিন আগে ছিল ৯/১১-এর বার্ষিকী।’
মন্তব্যকারীদের একজন বলেন, ‘মিস আমেরিকা হতে চাইলে তোমাকে আমেরিকান হতে হবে।’
অন্য একজনের মন্তব্য ছিল আরও বর্ণবাদী। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কখন একজন শ্বেতাঙ্গ নারী জিতবে? কখনো হবে কি?’
সিএনএনের খবরে বলা হয়, নিনা দাভুলুরি যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি কেবল ভারতীয় বংশোদ্ভূত। তিনিই প্রথম ইন্দো-আমেরিকান, যিনি মিস আমেরিকার মুকুট পরেছেন।
গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ওই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণবাদী এসব মন্তব্যে কীভাবে একজন মিস নিউইয়র্ক মিস আমেরিকার মুকুট পরলেন, কিংবা তাঁকে বিচারকেরা কী প্রশ্ন করেছিলেন, তা নিয়ে মাতামাতি হয়নি। বরং নিনার গোষ্ঠীগত বিষয় নিয়ে বাগাড়ম্বর হয়েছে।
নিনাকে মুসলমান হিসেবে চিহ্নিত করে মন্তব্য করেছেন একজন। তিনি বলেন, ‘তাঁরা (বিচারকেরা) একজন মুসলমানকে মিস আমেরিকা হিসেবে নির্বাচন করেছে। এতে করে তাঁরা ওবামাকে খুশি করেছেন। সম্ভবত, তাঁর (নিনা) একটি ভোট আছে।’
২৪ বছর বয়সী নিনা নিউইয়র্কের সিরাকুজের বাসিন্দা। তিনি ‘সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে বৈচিত্র্য উদযাপন’ বিষয়ে প্রতিযোগিতা করেছেন। প্রতিযোগিতার এক অংশে তিনি একটি ভারতীয় নাচে অংশ নেন, যাতে বলিউডি ছাপ ছিল। সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন একজন।
টড স্টার্নস নামের ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘মিস আমেরিকার উদার বিচারকেরা এটা স্বীকার করবেন না। মিস কানসাস হেরেছেন। কারণ, তিনি আমেরিকান মূল্যবোধ তুলে ধরতে চেয়েছিলেন।’