'মুক্ত' মোদির রাজনৈতিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি আজ সোমবার ভারতের সবচেয়ে কঠিন দায়িত্বটি যখন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন, তখন তিনি হবেন একজন ‘মুক্ত’ মানুষ৷ কারণ, তাঁকে জোটের শরিকদের মতামতের ওপর নির্ভর করে পথ চলতে হবে না৷ তবে তাঁর সমর্থক বিভিন্ন সংগঠনকে সামলানোটা হবে আসলেই এক রাজনৈতিক পরীক্ষা৷ খবর হিন্দুস্তান টাইমসের৷
১৯৮৯ সাল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ভি পি সিং, চন্দ্রশেখর, পি ভি নরসীমা রাও, অটল বিহারি বাজপেয়ি, এইচ ডি দেবগৌড়া, আইকে গুজরাল ও মনমোহন সিং—সবাই জোটের শরিক দলগুলোর ওপর নির্ভরশীল ছিলেন৷ কিন্তু মোদির প্রতি যে বিপুল জনসমর্থন রয়েছে, তা গত কয়েক দশকে কোনো সরকারপ্রধানের ছিল না৷ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়নের স্বাধীনতা পাবেন মোদি৷ মন্ত্রিসভা ও আমলাতন্ত্রের ওপরও তিনি শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবেন৷ তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ২৭২টি আসনের চেয়ে বেশি আসন পেয়েছে৷ অন্যদিকে বিরোধী দলের আকারও হয়ে গেছে অনেক ছোট৷
প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য নিয়ে ক্ষমতা গ্রহণের পর মোদি সরকারের সবচেয়ে বড় পরীক্ষা হবে সমমনা একগুচ্ছ সংগঠনের প্রত্যাশা পূরণ করা, যাদের সমর্থন নিয়ে েমাদি এত দূর এসেছেন৷ প্রথমত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং করপোরেট ভারতের কথাই ধরা যাক৷ আরএসএস-বিজেপির ঐতিহ্যবাহী বন্ধনে ছোটখাটো দোকানদারদের ভূমিকা অনেক৷ এই ব্যবসায়ীরা আবার খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের (এফডিআই) ঘোর বিরোধী৷ কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধারে এফডিআই জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন৷
উত্তর ভারতের বিশাল হিন্দু জনগোষ্ঠীর সমর্থন পেয়েছে বিজেপি৷ ‘সাম্প্রদায়িক ভোট’ না হলেও বিভিন্ন শ্রেণির ভোটাররা নানা রকম প্রত্যাশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন৷ সাংগঠনিক সমর্থন বৃদ্ধির জন্য রামমন্দির নির্মাণ ও হিন্দুত্ববাদী জঙ্গিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি তুলতে পারে আরএসএস৷ এ ছাড়া সংগঠনটি নিজেদের লোকজনকে সরকারি বিভিন্ন পদে নিয়োগের জন্যও মোদিকে চাপ দিতে পারে৷
েমাদির সম্ভাব্য পররাষ্ট্রনীতি নিয়েও রয়েছে অনেক জল্পনা-কল্পনা৷ নির্বাচনী প্রচারাভিযানে পাকিস্তানবিরোধী বিভিন্ন বক্তব্য দিলেও নতুন সরকারের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক উদারতা ও কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন মোদি৷ বিজেপির একজন শীর্ষ নেতা হিন্দুস্তান টাইমসকে বলেন, মোদি ভালো করেই জানেন, ভারত মানে শুধু গুজরাট নয়৷ তবে তিনি গুজরাটে সরকার পরিচালনার বিভিন্ন অভিজ্ঞতা ও আদর্শ বাতিলও করে দেবেন না৷ কারণ, সেখানকার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বড় সাফল্য পেয়েছেন৷ এবার নতুন সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর হবে খুবই শক্তিশালী, অনেকটা ইন্দিরা গান্ধীর আমলের মতো৷ সেখানে একদল গুরুত্বপূর্ণ আমলা কাজ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা থাকবে কেবল মোদির হাতে৷
মোদিকে হয়তো একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে উপেক্ষা করতে হবে৷ পাশাপাশি তাঁর জন্য কঠিন কাজ হবে, মন্ত্রিসভার সদস্যদের ব্যক্তিগত বন্ধুর পরিবর্তে শুধু সহকর্মী হিসেবে মূল্যায়ন করা৷ তবে যত প্রত্যাশাই থাক, সব মিলিয়ে ভারতের নতুন প্রধানমন্ত্রীকে কাজ করার সুযোগ দিতে হবে৷ জনগণ তাঁকে যে দায়িত্ব দিয়েছে, বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে তা পালনে মোদি কতটা সফল হবেন, সময়ই বলে দেবে৷