‘মৃত্যু পর্যন্ত আমি এখানেই থাকব’
‘মৃত্যু পর্যন্ত আমি এখানেই থাকব।’ প্রত্যয়দীপ্ত এই কণ্ঠ ওসামা আল্লামের। গতকাল মঙ্গলবার শুধু আল্লাম নন, আরও অনেক মিসরীয় রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সমবেত ছিলেন একই অঙ্গীকার নিয়ে। একটাই চাওয়া সবার—প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ ও তাঁর শাসনামলের অবসান। ভোরের সূর্য উঁকি দিচ্ছে তখন, ঘুম থেকে জেগে উঠছে বিশাল নগর প্রাঙ্গণে অবস্থানরত বিক্ষোভকারীরা। কাছেই রাস্তার পাশে একটি ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলছে প্রেসিডেন্ট মোবারকের কুশপুতুল। এই পুতুলই বলে দিচ্ছিল, মোবারকের বিরুদ্ধে মিসরীয়দের অবস্থান কতটা কঠিন। কায়রোর তাহরির স্কয়ার এখন গণবিক্ষোভের কেন্দ্রস্থল। সেখানে অবস্থানরত ক্ষুব্ধ জনতার হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার। এ ধরনের একটি ব্যানারে লেখা ‘মোবারকের সরকার বা মিসরের জনগণ—এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নাও।’ পাশেই দেখা যায়, একদল বিক্ষোভকারী মোবারকের প্রতীকী কফিন বহন করছে। স্কয়ারের অন্য জায়গায় মোবারকের স্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে একদল বিক্ষোভকারী।আইনজীবী আল্লাম বলেন, ‘আমরা কথা বলার ও শোনার অধিকার চাই, চাই স্বাধীনতা ও গণতন্ত্র।’ তিনি বলেন, ‘আমি যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে আমার পরিবার আমাকে নিয়ে গর্ব করবে। এই মুহূর্তে মিসরের জনগণের জন্য এটাই প্রয়োজন।’ তবে কেউ ভাবছেন না, বিপুল ক্ষমতার অধিকারী সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো হুমকি আসবে। এই আইনজীবী বলেন, ‘জনগণই সেনাবাহিনী এবং সেনাবাহিনীই জনগণ।’৬৫ বছর বয়সী আবদো কাঠমিস্ত্রি। তিনিও মোবারকের শাসনের বিরুদ্ধে সোচ্চার। জীবিকার তাগিদ ভুলে ক্ষুব্ধ জনতার কাতারে শামিল আবদো বলেন, ‘বাঁচার জন্য আমাকে প্রতিদিনই কাজ করতে হয়। কিন্তু আমি পরিবার ও কাজ ছেড়ে এখানে এসেছি।’ক্ষুব্ধ জনতা ও পুলিশের সংঘর্ষে গত আট দিনে নিহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। জনতা জানে তাঁদের লক্ষ্য পূরণের আগে মিসরের রাজপথ আরও রক্তে রঞ্জিত হতে পারে। কিন্তু বিক্ষুব্ধ জনতা সেই ভয়ে ভীত নয়। বরং আরও রক্ত ঢেলে দিতে তারা প্রস্তুত। এএফপি।