‘মৃত্যুর সময় ক্যানসার-আক্রান্ত ছিলেন নেরুদা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদা মৃত্যুর সময় ক্যানসারে ভুগছিলেন। নেরুদার দেহাবশেষের প্রাথমিক ময়নাতদন্তের ভিত্তিতে দেশটির ময়নাতদন্ত বিশেষজ্ঞরা এ দাবি করেছেন।১৯৭৩ সালে জেনারেল অগাস্তো পিনোশে চিলির রাষ্ট্রক্ষমতা দখলের কিছুদিনের মধ্যে বামপন্থী কবি নেরুদা মারা যান। দীর্ঘদিনের অভিযোগ, গুপ্তচরদের বিষ প্রয়োগে নেরুদার মৃত্যু হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য গত মাসে নেরুদার দেহাবশেষ কবর থেকে তোলা হয়। ধারণা করা হচ্ছে, নেরুদা প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।ময়নাতদন্তের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নেরুদার ক্যানসার গুরুতর পর্যায়েই ছিল। আর এ কারণেই তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে যে আনুষ্ঠানিক প্রতিবেদন রয়েছে, এটি তারই সমর্থন করছে। কিন্তু চিলির কমিউনিস্ট পার্টির হয়ে নেরুদার মৃত্যুরহস্য নিয়ে মামলা পরিচালনাকারী আইনজীবী এদুয়ার্দো কন্ট্রিরাস বলছেন, এ বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে বিষক্রিয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘এটা কোনো নতুন খবর নয় যে নেরুদা ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিন্তু সেটি যৌক্তিক হবে তাঁর হাড়ের এক্স-রে প্রতিবেদনে ক্যানসার ধরা পড়ার মধ্য দিয়ে।’চিলির প্রেসিডেন্ট সালভাদর আইয়েন্দের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেরুদা। জেনারেল পিনোশে আইয়েন্দেকে সরিয়ে ক্ষমতা দখলের ১২ দিন পর ৬৯ বছর বয়সে নেরুদা মারা যান।নেরুদার এক ঘনিষ্ঠ সহযোগী দাবি করেন, নেরুদাকে জেনারেল পিনোশের নির্দেশে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হয়। কিন্তু তাঁর পরিবার জেনে এসেছে যে নেরুদা ক্যানসারে মারা গেছেন।নেরুদাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে—নেরুদার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ম্যানুয়েল অ্যারায়ার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে চিলির সরকার নেরুদার মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে। অ্যারায়া জানান, নেরুদা তাঁকে হাসপাতালে ডেকে নিয়ে বলেছিলেন, তাঁর পেটে একটি ইনজেকশন দেওয়ার পর তিনি খুব অসুস্থ বোধ করছেন। বিবিসি।