'মোদি ক্ষমতায়, এ ভাবনা আমাদের শঙ্কিত করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত ৭৫ জন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ও শিক্ষাবিদ গত মঙ্গলবার একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে চলতি লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে।
‘মোদি ক্ষমতায়, এমন ভাবনা আমাদের শঙ্কিত করে তোলে’ শিরোনামের ওই খোলা চিঠি দেওয়া ৭৫ জন অধ্যাপক ও শিক্ষাবিদের মধ্যে রয়েছেন কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকনোমিকসের মতো মর্যাদাপূর্ণ ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা। এঁদের নেতৃত্বে রয়েছেন লন্ডন স্কুল অব ইকনোমিকসের অধ্যাপক চেতন ভাট ও গৌতম আপ্পা। খোলা চিঠিটি প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী দি ইনডিপেনডেন্ট পত্রিকায়।
মোদি ক্ষমতায় এলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের উত্তেজনা বাড়বে বলে চিঠিতে মন্তব্য করা হয়। এতে বলা হয়, ‘ভারতের জনগণ যখন তাদের পরবর্তী সরকার নির্বাচনের জন্য ভোট দিচ্ছে, তখন আমরা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন করলে ভারতে গণতন্ত্র, বহু গোষ্ঠীর সহাবস্থান ও মানবাধিকারের কী হবে, তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’ এতে আরও বলা হয়, ‘নরেন্দ্র মোদি আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) ও বিভিন্ন সংঘ পরিবার গোষ্ঠীর মতো হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এসব গোষ্ঠীর দাঙ্গায় ইন্ধন দেওয়ার ইতিহাস রয়েছে।’
এর আগে চলতি মাসের শুরুর দিকে ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি ও শিল্পী অনিশ কাপুরসহ নামকরা কিছু ব্যক্তিত্ব যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান-এ একই ধরনের খোলা চিঠি দেন।
মঙ্গলবারের খোলা চিঠিতে গুজরাট রাজ্যে মোদি-সরকারের শাসনেরও সমালোচনা করা হয়। এতে বলা হয়েছে, ‘গুজরাটে মোদির কর্তৃত্ববাদী শাসনের ধরন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে...এ ধরনের শাসন ভারতের গণতন্ত্রকে কেবল দুর্বলই করতে পারে।’ খোলা চিঠিতে মোদির সাম্প্রদায়িক মনমানসিকতার উদাহরণ দিতে গিয়ে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টানা হয়। পিটিআই।