‘মোল্লাদের জন্য আমি এটা লিখিনি’
‘মোল্লাদের জন্য আমি এটা লিখিনি’—এ মন্তব্য স্যাটানিক ভার্সেস লিখে বিতর্ক সৃষ্টি করা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির। যুক্তরাজ্যের ওয়েলসে সম্প্রতি শিল্প-সাহিত্যবিষয়ক এক উৎসবে নিজের লেখা বই সম্পর্কে রুশদি এ মন্তব্য করেন।সালমান রুশদি দুই দশকের বেশি সময় আগেস্যাটানিক ভার্সেস লিখে বিতর্কের জন্ম দেন। ১৯৮৮ সালে এটি প্রকাশিত হয়। এই উপন্যাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বিষয় রয়েছে বলে বিতর্কের ঝড় ওঠে। ১৯৮৯ সালে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যা করার ফতোয়া দেন। এরপর কিছুটা আড়ালে চলে যান এই লেখক।এবার ফতোয়া জারি করা ব্যক্তিদের উদ্দেশে কৌতুকের সুরে সালমান রুশদি বলেছেন, ‘মোল্লাদের জন্য আমি স্যাটানিক ভার্সেস লিখিনি। যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য আমার এ বই।’রুশদি আরও বলেন, ‘অনেক মানুষ বই পছন্দ করেন বলেই তা বের হয়। বইয়ের অনুরাগীরাই বই টিকিয়ে রাখে, আক্রমণকারীরা নয়।’ পিটিআই অনলাইন