‘মোশাররফ চাননি বেনজির দেশে আসুন’
পাকিস্তানের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো স্বদেশে প্রত্যাবর্তন করুন, তা চাননি দেশটির প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ নিয়ে টেলিফোনে দুই নেতার কথাকাটাকাটি হয়। বেনজির ভুট্টোর ঘনিষ্ঠ বন্ধু মার্ক সিগেল এ দাবি করেন। সিগেলের বরাত দিয়ে দ্য ডেইলি টাইমস এ তথ্য দিয়েছে।সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সিগেল বলেন, ২০০৭ সালের ঘটনা। তখন স্বেচ্ছা নির্বাসন থেকে স্বদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন বেনজির ভুট্টো। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে দুই বন্ধু আলোচনা করছিলেন। একপর্যায়ে বেনজিরকে ফোন করেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।সিগেল জানান, ওই ফোনালাপ সম্পর্কে বেনজির পরে তাঁকে সব বলেছিলেন। বেনজির জানিয়েছিলেন, মোশাররফের সঙ্গে তাঁর ওই টেলিকথোপকথন মোটেও সৌহার্দ্যপূর্ণ ছিল না। বরং মোশাররফের কথাবার্তা ছিল বৈরীভাবাপন্ন। মোশাররফ চাইছিলেন না বেনজির দেশে ফিরে যান। তাঁর আপত্তির মুখেও বেনজির তখন স্পষ্ট জানিয়ে দেন, তাঁর (বেনজিরের) স্বদেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষ।সিগেল আরও জানান, ২০০৭ সালের ১৮ অক্টোবর করাচিতে ফেরার কয়েক ঘণ্টা পর তাঁর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এর পরপরই বেনজির তাঁকে একটি ই-মেইল বার্তা পাঠান। ওই বার্তায় হামলার জন্য মোশাররফকেই দায়ী করেন বেনজির। ই-মেইল বার্তাটিতে আর কী ছিল, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সিগেল। হামলার হাত থেকে সেদিন অল্পের জন্য রক্ষা পান পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।রিকনসিয়েলেশন: ইসলাম, ডেমোক্রেসি টু পাকিস্তান, অ্যান্ড দ্য ওয়েস্ট নামের একটি বই লিখতে বেনজির ভুট্টোকে সহযোগিতা করেছিলেন সিগেল।টেলিভিশন সাক্ষাৎকারে সিগেল আরও জানান, ২০০২ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর বেনজিরকে একটি সমঝোতা চুক্তির প্রস্তাব দিয়েছিলেন মোশাররফ। ওই প্রস্তাবে বলা হয়, বেনজির যদি পরবর্তী ১০ বছরের জন্য পাকিস্তানের রাজনীতিতে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে তাঁর স্বামী আসিফ আলী জারদারিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এরপর জারদারিকে মন্ত্রী করা হবে।তখনই পাকিস্তানের কারাগার থেকে বেনজিরকে ফোন করেন জারদারি। বেনজিরকে কোনো ধরনের সমঝোতা চুক্তিতে রাজি হতে নিষেধ করেন তাঁর স্বামী। জারদারি বলেন, শর্ত সাপেক্ষে মুক্তি নয়, তারচেয়ে বরং সারাজীবন কারাগারে থাকতে চান তিনি। পিটিআই।