‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ জিতলেন মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে জীবনব্যাপী অনন্য অবদানের জন্য খ্যাতিমান মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রথ (৭৮) চতুর্থ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ জিতেছেন। যুক্তরাজ্যের সম্মানজনক বার্ষিক ম্যান বুকার সাহিত্য পুরস্কার একক একটি গল্প বা উপন্যাসের জন্য দেওয়া হলেও আজীবন সাহিত্যকর্মের জন্য ২০০৫ সাল থেকে দুই বছর অন্তর এই ‘ইন্টারন্যাশনাল প্রাইজ’ দেওয়া হয়।রোহিন্তন মিস্ত্রি, ফিলিপ পুলম্যান, অ্যান টেইলরের মতো ১২ জন নামী লেখককে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন রথ। এর আর্থিক মূল্যমান ৬০ হাজার পাউন্ড।বিচারক প্যানেলের চেয়ারম্যান রিক গেকোস্কি গতকাল বুধবার সিডনিতে এই পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, ‘৫০ বছরেরও বেশি সময় ধরে ফিলিপ রথের বই বিশাল এবং এখনো বেড়ে চলা পাঠকগোষ্ঠীকে উদ্দীপিত ও আমোদিত করে আসছে। তাঁর কল্পনাশক্তি ইহুদি পরিচয়ের ব্যাপারে আমাদের ধারণাকেই কেবল নতুন করে উপস্থাপন করেনি, গল্প-উপন্যাসের ধারাকেও নতুন জীবন দিয়েছে। আর তা শুধু মার্কিন সাহিত্যে ঘটেনি, গোটা সাহিত্যেই।’ফিলিপ রথ সবচেয়ে বেশি পরিচিত তাঁর ১৯৬৯ সালে প্রকাশিত উপন্যাস পোর্টনয়’স কমপ্লেইন্ট এবং গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে প্রকাশিত ত্রয়ী উপন্যাস আমেরিকান প্যাস্টোরাল, আই ম্যারিড অ্যা কমিউনিস্ট ও দ্য হিউম্যান স্টেইন-এর জন্য। এই ত্রয়ী উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার জেতেন রথ।পুরস্কারের দিক থেকে যুক্তরাষ্ট্রের জীবিত লেখকদের মধ্যে সবচেয়ে এগিয়ে ফিলিপ রথ। ১৯৬০ সালে মাত্র ২৬ বছর বয়সে প্রকাশিত তাঁর প্রথম বই গুডবাই জিতেছিল যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড’। পরবর্তী সময়ে রথ আরও জেতেন দুটি ন্যাশনাল বুক ক্রিটিক্স সার্কেল এবং তিনটি পেন/ফকনার পুরস্কার। আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্সও ২০০১ সালে তাঁকে স্বর্ণপদকে ভূষিত করে। এএফপি।