‘ম্যানিংকে কারাগারে বিবস্ত্র অবস্থায় রাখা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংকে কারাগারে রাতের বেলায় বিবস্ত্র অবস্থায় রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। কারাগার সূত্রে বলা হয়েছে, পরিধেয় কাপড়ের সাহায্যে ম্যানিং আত্মহত্যা করতে পারেন, এই আশঙ্কায় তারা ওই কাজ করতে বাধ্য হচ্ছেন।ম্যানিংয়ের আইনজীবী ডেভিড ই কম্বস গত শনিবার তাঁর ব্লগে উল্লেখ করেন, ম্যানিংকে এত দিন রাতের বেলায় শুধু বক্সার শর্টস পরতে দেওয়া হতো। ম্যানিং আত্মহত্যা করতে পারেন—এমন আশঙ্কায় গত বুধবার থেকে তাও পরতে দেওয়া হচ্ছে না। এখন তাঁকে কারাগারে রাত কাটাতে হচ্ছে বিবস্ত্র অবস্থায়। ডেভিড আরও জানান, আত্মহত্যার মতো মানসিক অবস্থায় নেই ম্যানিং। মনোচিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ব্যবস্থা নেওয়া উচিত হয়নি। ওয়াশিংটন পোস্ট।