‘ম্যান্ডেলা সুস্থ আছেন’
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা সুস্থ আছেন। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। মহারাজ বলেছেন, ম্যান্ডেলা সুস্থ আছেন।চলতি মাসের গোড়ার দিকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেননি ম্যান্ডেলা। গত বছরের জুলাইয়ে ৯৩তম জন্মদিনের কিছুদিন আগে তিনি তাঁর গ্রামের বাড়ি কুনু যান। এরপর গুজব ছড়িয়ে পড়ে, ম্যান্ডেলা অসুস্থ। এ কারণে তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি। মহারাজ আরও বলেন, ‘আমরা আরও একবার ম্যান্ডেলা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।’ কুনুতে ম্যান্ডেলার বাড়ি থেকে সম্প্রতি দুটি গোপন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশি দুটি সংবাদ সংস্থা ক্যামেরা দুটি স্থাপন করেছে। সংস্থা দুটির বিরুদ্ধে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পিটিআই।