'ম্যান্ডেলার মৃত্যু আমাকে বর্শার মতো বিঁধেছে'
বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা ও শান্তিতে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ঘটনাটি তাঁর বড় নাতি মান্ডলা ম্যান্ডেলাকে ‘বর্শার মতো বিঁধেছে’। তিনি গত সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন।
মান্ডলা বলেন, ‘ম্যান্ডেলা যখন চলে যাচ্ছিলেন, তখন পরিবারের অধিকাংশ সদস্যের মতোই আমি নিজেকে বলেছি, আমি বিলাপ করব না, বরং তিনি আমার ও গোটা বিশ্বের জন্য যা কিছু রেখে গেছেন, তা ধারণ করব। তবে তাঁকে হারানোর বেদনা আমাকে যেন বর্শার মতো বিদ্ধ করেছে।’
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে গত রোববার সমাহিত করা হয় দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে। সেখানকার গোত্রপ্রধান মান্ডলা বলেন, তিনি ম্যান্ডেলার মৃত্যুর পর প্রথম কয়েক দিন পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের মধ্যে থেকেও খুব একা বোধ করেন। গত ১০টি দিন তাঁদের জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল। তবে তখন তাঁদের পাশে ছিল দক্ষিণ আফ্রিকার সব মানুষ ও বিশ্ববাসী।
সরকার, দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও ম্যান্ডেলার সেবা-শুশ্রূষায় দায়িত্ব পালনকারী চিকিৎসক দলটির প্রতিও ধন্যবাদ জানান মান্ডলা। রয়টার্স।