'ম্যান্ডেলার মৃত্যু শোকের, অনুপ্রেরণারও'

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা সদ্যপ্রয়াত নেলসন ম্যান্ডেলাকে ‘ইতিহাসের এক মহান ব্যক্তি’ আখ্যা দিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গতকাল মঙ্গলবার জোহানেসবার্গে স্মরণসভায় যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা বলেন, ম্যান্ডেলা লড়াই-সংগ্রাম, শুভবুদ্ধি ও রাজনৈতিক শক্তির বলে ইতিহাসে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
বর্ণবৈষম্যের বিরুদ্ধে ম্যান্ডেলার হার না মানা লড়াইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে ধর্মবর্ণ-নির্বিশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘আমি আর মিশেল তাঁর ওই লড়াইয়ের সুবিধাভোগী।’
জোহানেসবার্গের সোয়েটোতে এফএনবি ফুটবল স্টেডিয়ামে প্রায় ১০০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ হাজার হাজার শুভার্থী ম্যান্ডেলার স্মরণসভায় অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে স্টেডিয়ামে মানুষের ঢল নামে।
ওবামা বলেন, কোনো মানুষের উচ্চ প্রশংসা করা সহজ নয়...ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি হতে না জানি তাঁকে কী কঠিন লড়াই করতে হয়েছিল। নিজের দেশকে ন্যায়বিচারের দিকে নিয়ে গিয়েছিলেন তিনি। তিনি আরও বলেন, ‘মার্বেলের তৈরি কোনো আবক্ষ মূর্তি ছিলেন না তিনি। ছিলেন রক্ত-মাংসের মানুষ। আর এই মহান মানুষের দৃষ্টান্ত আমাকে রাজনীতির ছাত্র হতে অনুপ্রেরণা জুগিয়েছিল।’
ওবামা বলেন, ‘ম্যান্ডেলা যা কিছু অর্জন করেছিলেন, তা অনিবার্য ছিল না। তাঁর মধ্যে আমরা এমন একজন মানুষকে দেখতে পাই, যিনি লড়াই, বিচক্ষণতা, বিশ্বাসের প্রতি অবিচল আস্থা ও নীতিতে অনড় থেকে ইতিহাসে নিজের স্থান করে নিয়েছিলেন। আমাদের আদর্শের পক্ষ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি কর্মের শক্তি দেখিয়ে গেছেন।’
যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এ অনুষ্ঠানে যোগ দেন। ওবামা বলেন, ম্যান্ডেলার মৃত্যু শোকের, সেই সঙ্গে অনুপ্রেরণারও; যখন মানুষ দেখবে, কীভাবে তারা নিজেদের জীবনকে পাল্টে দিতে পারে।
দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার বর্ণবাদবিরোধী লড়াইয়ের বলিষ্ঠ ভূমিকাকে নিজ দেশের জনকদের সঙ্গে তুলনা করে আততায়ী হামলায় নিহত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উদাহরণ টানেন ওবামা।
ওবামা আরও বলেন, ‘স্বাধীনতার জন্য মাদিবার লড়াইয়ের সঙ্গে একাত্মতা পোষণ করেন, এমন অনেক নেতাই আছেন, কিন্তু তাঁরা নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের সহ্য করতে পারেন না।’ এএফপি।