'ম্যান্ডেলার স্মৃতিতে দান করা হবে রোববারের আয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মুদিপণ্যের চেইন দোকান ‘পিক অ্যান্ড পে’ বলেছে, নেলসন ম্যান্ডেলাকে সমাহিত করার দিন যত ব্যবসা হবে, তার সবই দাতব্যকাজে দান করা হবে। স্থানীয় আরও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিয়েছে। পিক অ্যান্ড পের প্রধান নির্বাহী রিচার্ড ব্র্যাশার এক বিবৃতিতে বলেন, ‘আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে ভালো যে কাজটি করতে পারে, তা হচ্ছে রোববারের ব্যবসা থেকে অর্জিত আয় দাতব্যকাজে দান করা।’ ব্যাংক, খুচরা পণ্যের বিক্রেতা, জিমনেসিয়ামসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রোববার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে। এদিন জন্মস্থান পূর্ব কেপ প্রদেশের কুনু গ্রামে তাঁকে সমাহিত করা হবে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো হাজার হাজার মানুষ প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে রাখা নেলসন ম্যান্ডেলার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে। প্রথম দিন স্থানীয় ও আন্তর্জাতিক নেতারা তাঁকে শ্রদ্ধা জানান। রয়টার্স।