'ম্যান্ডেলা' ইদ্রিস এলবা গোল্ডেন গ্লোব মনোনয়ন পেলেন

আলোচিত চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম-এর অভিনেতা ইদ্রিস এলবা সেরা ড্রামা চলচ্চিত্রের অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।
চলতি বছর গোল্ডেন গ্লোবে ঐতিহাসিক ড্রামা টুয়েলভ ইয়ার্স এ স্লেভ এবং ক্রাইম চলচ্চিত্র অ্যামেরিকান হাসল সবচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।
ইদ্রিস এলবা ছাড়াও টুয়েলভ ইয়ার্স এ স্লেভ-এর চিউইটেল ইজিওফর, ক্যাপ্টেন ফিলিপস-এর অভিনেতা টম হ্যাঙ্কস, ডালাস বায়ার্স ক্লাব-এর ম্যাথিও ম্যাককনোহে এবং অল ইজ লস্ট -এর রবার্ট রেডফোর্ড সেরা ড্রামা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।
ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জীবনকাহিনি এ চলচ্চিত্রের উপজীব্য। ১৪৬ মিনিটের ছবিটিতে ম্যান্ডেলার বেড়ে ওঠা, পড়াশোনা, বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়া থেকে ২৭ বছরের কারাভোগ এবং মুক্তির পর দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ও ‘রংধনু দেশের’ জনকে পরিণত হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।
৫ ডিসেম্বর জোহানেসবার্গের হাউটন শহরতলির বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন নেলসন ম্যান্ডেলা। ১৫ ডিসেম্বর খোসা সম্প্রদায়ের যাবতীয় আচার-অনুষ্ঠান পালন করে চিরবিদায় জানানো হবে তাঁকে। কুনু গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক বিশ্বনেতা ম্যান্ডেলা। এএফপি।